
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে বিএনপির একক মনোনয়নপ্রত্যাশী হিসেবে ফরিদুল কবির তালুকদার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ফরিদুল কবির তালুকদার সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি জেলা বিএনপির সভাপতিও। তিনি পৌরসভার মুলবাড়ি গ্রামের বাসিন্দা।
উপজেলা বিএনপি ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদুল কবির তালুকদার বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুস সালাম তালুকদারের ভাতিজা। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। তিনি সরিষাবাড়ী ডিগ্রি কলেজে পড়া অবস্থায় ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। তিনি তিনবার সরিষাবাড়ী পৌরসভার চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেন।
একক মনোনয়নপ্রত্যাশী ফরিদুল কবির তালুকদার প্রথম আলোকে বলেন, ‘দলবল–নির্বিশেষে সরিষাবাড়ীর সবাই আমাকে খুব ভালোবাসেন। তাঁদের ভোটেই আমি ২০১৪ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হই।
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিপুল ভোটের ব্যবধানে আমি জয়ী হব।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন করতে সরকারিভাবে কোনো বাধা নেই, তাই বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘বিএনপির শাসন আমল ও বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুস সালাম তালুকদারের সময়ই সরিষাবাড়ীর বেশি উন্নয়ন হয়েছে। তাই ফরিদুল কবির তালুকদারের প্রতি ভোটাররা দুর্বল। ভোটাররা ভোট দিতে পারলে শুধু সরিষাবাড়ী নয়, সারা দেশে বিএনপি জয়লাভ করবে।’