বিএনপির কমিটি আরও বড় করার প্রস্তাব
ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির আকার আরও বড় করার প্রস্তাব এসেছে। এখন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ৩৫১ সদস্যের। দলীয় সূত্রগুলো বলছে, সেটি বাড়িয়ে ৪০৫ সদস্যের করার প্রস্তাব করা হয়েছে।
বিএনপির সূত্র জানিয়েছে, দলের গঠনতন্ত্রের বিভিন্ন ধারার সংশোধন চেয়ে গতকাল শুক্রবার পর্যন্ত ১০টির মতো প্রস্তাব জমা পড়েছে। কাউন্সিল উপলক্ষে গঠিত দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংশোধন-বিষয়ক উপকমিটির বৈঠকে প্রস্তাবগুলোর তালিকা চূড়ান্ত করা হবে। আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসবে এ কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের নেতৃত্বাধীন এ কমিটির সদস্যসংখ্যা ৩৩ জন।
বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গঠনতন্ত্রে দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্যসংখ্যা বাড়ানোর প্রস্তাব এসেছে। বলা হয়েছে, দলের স্থায়ী কমিটি ১৯ জনের জায়গায় ২৫ জন, ভাইস চেয়ারম্যান ১৭ জন থেকে বাড়িয়ে ২৫ জন, উপদেষ্টা ১৫ জন থেকে ৫০ জন, যুগ্ম মহাসচিব সাতজন থেকে বাড়িয়ে আটজন ও সাংগঠনিক সম্পাদক দুজন বাড়িয়ে আটজন করা যেতে পারে। এ ছাড়া দলের পার্লামেন্টারি বোর্ডের নাম পরিবর্তন করে ‘নির্বাচনী মনোনয়ন বোর্ড’ করার সুপারিশ করা হয়েছে।
বিএনপির সূত্র জানায়, গঠনতন্ত্রে দলের চেয়ারপারসনকে সহযোগিতা করার জন্য ‘বিশেষ সহকারী’ নিযুক্তির বিধান আছে। বিএনপির একজন নেতা প্রতি তিন বছর অন্তর বিশেষ সহকারী বদলের প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এতে ভালো ফল বয়ে আনবে। এ ছাড়া ‘এক ব্যক্তি এক পদ’ এবং পর পর দুই টার্ম অথবা টানা ছয় বছরের বেশি সময় কেউ এক পদে থাকতে পারবেন না।
জানা গেছে, আওয়ামী যুব মহিলা লীগের আদলে জাতীয়তাবাদী মহিলা দলের সহযোগী হিসেবে ‘যুব মহিলা দল’ গঠন করার প্রস্তাব এসেছে। এ ছাড়া জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে বিএনপির সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করারও প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ বলেন, দলের ঘোষণাপত্রে কিছু বিষয় সংযোজনের প্রস্তাব করেছেন তিনি। প্রথম আলোকে তিনি বলেন, জঙ্গিবাদ দমন ও সারা বিশ্বে জঙ্গিবাদ উত্থানের বিষয়ে বিএনপির সুনির্দিষ্ট লক্ষ্য ও মতামত থাকা প্রয়োজন।
দলীয় সূত্র জানায়, এবারের সম্মেলনে তারেক রহমানকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান করে গঠনতন্ত্রে পদটি যুক্ত করা হবে। স্থায়ী কমিটির সদস্যসংখ্যা না বাড়ানোর ব্যাপারে শীর্ষ নেতৃত্ব রক্ষণশীল বলে জানা গেছে। একান্তই বাড়াতে হলে সে ক্ষেত্রে অনধিক চারজনকে বিকল্প বা অস্থায়ী সদস্য রাখার চিন্তা আছে বলে জানা গেছে।
নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের বিভিন্ন স্থান থেকে নেতারা সংশোধনের প্রস্তাব করে কেন্দ্রে পাঠিয়েছেন। আজ আমরা বৈঠকে বসে এসব বিষয়ে আলোচনা করব।’