বিএনপির কমিটি এখন দুই সদস্যবিশিষ্ট: হাছান
বিএনপির কেন্দ্রীয় কমিটি এখন দুই সদস্যবিশিষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘সম্মেলনের আগেই দলের শীর্ষ দুই নেতা নির্বাচিত হওয়ায় সবাই ভেবেছিল, এবার হয়তো সম্মেলনের দিন দলটির মহাসচিবের নাম ঘোষণা করা হবে। কিন্তু তিন দিনেও তারা মহাসচিবের নাম ঘোষণা করতে ব্যর্থ হয়েছে।’
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।
‘আগামী নির্বাচন হবে শেখ হাসিনাবিহীন’—খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেছেন, ‘ওনার এ বক্তব্যই স্পষ্ট করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। ২১ আগস্টের মতো আবারও কোনো ঘটনা ঘটানোর ষড়যন্ত্র হচ্ছে কি না, তা তদন্ত হওয়া দরকার। পাশাপাশি বিএনপি নেত্রীর এমন মন্তব্যের জন্য যেন তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাঁর জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
বিএনপি নেত্রী ঘোষিত রূপকল্প-২০৩০ এর সমালোচনা করে হাছান বলেন, কাগজে দেখলাম বিএনপির কোনো পর্যায়ে এ রূপকল্প নিয়ে কোনো আলোচনা হয়নি। কোনো শীর্ষ নেতা এ সম্পর্কে কিছু জানেন না। এটি সম্পূর্ণ বেগম জিয়ার মনগড়া কথা। তাঁকে যদি এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় যে কোন ধাপে কী কী হবে? কীভাবে এ রূপকল্প বাস্তবায়িত হবে, উনি এর সদুত্তর দিতে পারবেন না।’
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন।