সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির ৫০২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে ‘জাম্বো জেট’-এর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, এই কমিটি বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে বছরের সেরা তামাশা। অগণতান্ত্রিক কমিটি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে না।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘ছাত্রী সমাবেশে’ এ কথা বলেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সেতুমন্ত্রী বলেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাহী কমিটি হওয়ার কথা ৩৫১ জনের। এবারের সম্মেলনে ৫৬টি পদ বাড়ানো হয়। এ ছাড়া চেয়ারপারসনের হাতে ১০ শতাংশ পদ বাড়ানোর ক্ষমতা দেওয়া হয়। সে হিসাবে দলটি সর্বোচ্চ ৪৪৮ জনের কমিটি দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু মির্জা ফখরুল যে কমিটি দিয়েছেন, তা এখনো পূর্ণাঙ্গ নয়, তাতে গঠনতন্ত্র লঙ্ঘন করা হয়েছে। এভাবে যারা নিজেদের গঠনতন্ত্র মানে না, তারাই বারবার দেশের সংবিধান লঙ্ঘন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘জাম্বো জেট সাইজের কমিটি দিয়ে গণতন্ত্র উদ্ধার করাটা দুঃস্বপ্নের নামান্তর।’ তিনি বলেন, ‘আমরা জাতীয় ঐক্যের জন্য সব করেছি। কিন্তু এই ঐক্যের পথে কারা বাধা, সেটা দিনের আলোর মতো পরিষ্কার।’