বিএনপির কমিটি থেকে পদত্যাগ কাজী কামালের
বিএনপি থেকে পদত্যাগ করেছেন সাবেক সাংসদ কাজী সলিমুল হক কামাল (কাজী কামাল)। জিকিউ গ্রুপের চেয়ারম্যান কাজী কামাল গত শনিবার ঘোষিত দলের জাতীয় নির্বাহী কমিটিতে সদস্য পদ পেয়েছিলেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাশাপাশি তিনিও আসামি।
কাজী কামালের ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ গতকাল বুধবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বরাবর পাঠানো পদত্যাগপত্রের অনুলিপি মাগুরায় সাংবাদিকদের কাছে পৌঁছে দেন। পদত্যাগপত্রে তারিখ উল্লেখ করা হয়েছে ৮ আগস্ট।
কাজী কামাল মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি ১৯৯৪ সালে বহুল আলোচিত মাগুরা-২ (শালিখা-মহম্মদপুর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। তখন উপনির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ ওঠে। ওই নির্বাচনের পর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করে। পরে বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে সংসদে বিল পাস করে।
বিএনপির সূত্র বলেছে, নিতাই রায় চৌধুরীকে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটিতে ভাইস চেয়ারম্যান করায় ক্ষুব্ধ হন কাজী কামাল। পদত্যাগপত্রেও এর ইঙ্গিত আছে। কারও নাম উল্লেখ না করে তিনি বলেছেন, ‘দলের নির্বাহী কমিটি দেখে আমি মর্মাহত। এমন একজনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছে, যিনি ওই পদের উপযুক্ত নন। এক-এগারোর সময় তাঁর ভূমিকা ছিল প্রশ্নবোধক। তারপরও তাঁকে জেলা বিএনপির আহ্বায়ক করা হয়।’
পদত্যাগপত্রে কাজী কামাল আরও উল্লেখ করেন, ‘স্থায়ী কমিটিতে এমন কিছু বিতর্কিত ব্যক্তিকে স্থান দেওয়া হয়েছে, তাঁদের সঙ্গে রাজনীতি করা এবং তাঁদের নেতা হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি মান-সম্মানের কথা চিন্তা করে কমিটি থেকে অব্যাহতি চাচ্ছি। সব বিবেচনা করে এই কমিটি থেকে পদত্যাগ করলাম।’