বিএনপির কমিটি প্রায় চূড়ান্ত, শিগগির ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বিএনপির কেন্দ্রীয় কমিটি গঠনের কাজ প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। দলীয় সূত্র জানায়, আকস্মিক কিছু ঘটে না গেলে খুব শিগগির কমিটি ঘোষণা করা হবে।
জানা গেছে, এবার দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ, বিভিন্ন সম্পাদকীয় পদসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের নাম একযোগে ঘোষণা করা হবে। এই সঙ্গে চট্টগ্রাম মহানগর কমিটিও ঘোষণা করা হতে পারে। চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনকে মহানগর সভাপতি করা হচ্ছে বলে জানা গেছে।
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বলেন, দলের জাতীয় স্থায়ী কমিটি গঠন নিয়ে শীর্ষ নেতৃত্ব কিছুটা অস্বস্তিতে আছেন। কাকে রাখবেন, কাকে বাদ দেবেন, এ নিয়ে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি এড়াতে শেষ মুহূর্তে ১৯ সদস্যের স্থায়ী কমিটির সংখ্যা বাড়ানো হতে পারে। এ পদে শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, খন্দকার মাহবুব হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, সাদেক হোসেন খোকা ও সালাহউদ্দিন আহমদের নাম আলোচনায় আছে।
এ বিষয়ে ওয়াকিবহাল একটি সূত্র জানায়, কমিটির আকার অনেক বড় হবে। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাবেন। গত কমিটির কয়েকজন যুগ্ম মহাসচিব ও মধ্যম সারির একাধিক গুরুত্বপূর্ণ নেতা ভাইস চেয়ারম্যান পদে যাচ্ছেন। কয়েকজনকে উপদেষ্টা করা হচ্ছে। সম্পাদক ও সহ-সম্পাদক পদে প্রাধান্য পাচ্ছেন ছাত্রদলের সাবেক নেতারা।
জানতে চাইলে সাবেক যুগ্ম মহাসচিব মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘বিএনপির চেয়ারপারসন পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ করছেন। আশা করছি, কয়েক দিনের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।’
দলের একটি সূত্র জানায়, দপ্তর সম্পাদক পদ নিয়ে জোর তৎপরতা চলছে। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদের পাশাপাশি দপ্তরের দায়িত্বে আছেন রুহুল কবির রিজভী। তাঁকে দপ্তরের দায়িত্ব থেকে সরাতে শীর্ষস্থানীয় নেতাদের অনেকে এককাট্টা হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দপ্তর সম্পাদক পদে শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) ও শামীমুর রহমানের নাম রয়েছে।
গত ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিল হয়। এরপর এ পর্যন্ত তিন দফায় কয়েকটি পদে ৪১ জন নেতার নাম ঘোষণা করা হয়।