বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির দুই কমিটি এবং সাতটি ইউনিয়ন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সরোয়ারের উদ্যোগে উভয় কমিটির নেতাদের উপস্থিতিতে গত রোববার রাতে কমিটি দুটির কার্যক্রম স্থগিত করা হয়। এ ছাড়া বিদ্যমান দ্বন্দ্ব এবং সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গৌরনদী উপজেলা ও বরিশাল জেলা বিএনপির দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ ও সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান উপজেলা বিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটি থাকা সত্ত্বেও আকস্মিকভাবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনকে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
ওই দিনই আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেন কমিটির ১১ জন যুগ্ম আহ্বায়কের মধ্যে সাতজন। তাঁরা কেন্দ্রীয় সদস্য আবদুস সোবাহানের নেতৃত্বে কার্যক্রম বহাল রাখেন। আর কেন্দ্রীয় সদস্য আকন কুদ্দুসুর রহমানের নেতৃত্বে অন্য একটি কমিটি কার্যক্রম অব্যাহত রাখে। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সহসভাপতি গাজী কামরুল ইসলাম বলেন, রোববার রাতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে উভয় কমিটির যৌথ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মো. মেজবা উদ্দিন ফরহাদ। প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সরোয়ার। উপস্থিত ছিলেন আবদুস সোবাহান, আকন কুদ্দুসুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী কামরুল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গৌরনদী উপজেলা বিএনপির উভয় কমিটি ও সদ্য ঘোষিত সাতটি ইউনিয়ন কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।
এ ছাড়া বিরোধ, সংঘর্ষসহ সার্বিক পরিস্থিতি নিয়ে গাজী কামরুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে জেলা সাংগঠনিক সম্পাদক বরাবর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিগুলোর কার্যক্রম স্থগিত করার কথা স্বীকার করে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সরোয়ার গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে দলকে শক্তিশালী করতে ও নিজেদের মধ্যে বিরোধ মেটাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।