বিএনপির কর্মসূচি ভবনের ছাদে!
ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপি ৭ নভেম্বরের কর্মসূচি এক নেতার বাসভবনের ছাদে আয়োজন করে। অনুমতি না পেয়ে গতকাল সোমবার তাদের এভাবে কর্মসূচি পালন করতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা কমিটির আহ্বায়ক ও ময়মনসিংহ ৯ (নান্দাইল) ও ৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সাংসদ খুররম খান চৌধুরী গতকাল সাংবাদিকদের ডেকে নিয়ে এ অভিযোগ করেন। খুররম খান চৌধুরী আরও বলেন, বিএনপি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। দলটি একাধিকবার সরকার পরিচালনা করেছে। কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানাতে দলটিকে এখন সভা-সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার শেষ প্রান্তে ঝালুয়া মহল্লায় অবস্থিত নাসের খান চৌধুরী হাউস নামে ভবনের ছাদে সমাবেশের আয়োজন করা হয়। ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির ব্যানারে আয়োজিত সমাবেশে খুররম খান চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আলী আজগর, অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলালসহ নান্দাইল উপজেলা বিএনপির নেতারা।
বিএনপি নেতা খুররম খান চৌধুরীর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বিএনপিকে ইনডোরে সভা-সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।