বিএনপির কর্মসূচি 'যথাসময়ে', কাল জামায়াতের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ‘অমানবিক ঘোষণা’ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। দলটি গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে কর্মসূচির কথা ‘যথাসময়ে’ জানাবে। গতকাল রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
এর আগে গ্যাসের দাম বাড়ানোর প্রতিক্রিয়ায় বিএনপি এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যা দিয়েছিল। কিন্তু কোনো কর্মসূচি দেয়নি। এবার কোনো কর্মসূচি দেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিএনপির কর্মসূচি যথাসময়ে জানানো হবে।
অন্যদিকে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে কাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী। গতকাল এক বিবৃতিতে জামায়াতের দলটির সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। তবে বিক্ষোভের সময় বা স্থান সম্পর্কে বিবৃতিতে কিছু জানানো হয়নি।
গতকাল বিএনপির সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গ্যাসের দাম বাড়ানোর ঘোষণার পরপরই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গে জনজীবনে এর প্রতিক্রিয়া স্পষ্ট হয়ে উঠেছে। এই ঘোষণায় বাড়িভাড়ার নোটিশ দেওয়া শুরু হয়ে গেছে। দেশের সাড়ে ৯৯ শতাংশ মানুষ এ ঘোষণা প্রত্যাখ্যান করেছে।