বিএনপির কর্মসূচিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতারা। গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তাঁরা এ ঘোষণা দেন।
বিকেলে নগরের কালীবাড়ি সড়কে শহীদ আবদুর রব সেরনিয়াবাতের বাসভবনে এ মতবিনিময় হয়। সেখানে মহানগর আওয়ামী লীগের নেতারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে কাজ করবে আওয়ামী লীগ। দলে রাজনৈতিক চর্চার পরিবেশ গড়ে তোলা হবে।
মতবিনিময় সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাছ চৌধুরী দুলাল বলেন, ‘আমাদের অনেক ভুলত্রুটি আছে। সেগুলো শোধরানোর চেষ্টা করছি। রাজনৈতিক নেতা-কর্মীদের অজ্ঞতার কারণে রাজনীতিতে সংকট চলছে। সঠিক রাজনীতি চর্চার পরিবেশ গড়ে তুলতে কাজ করবে মহানগর আওয়ামী লীগ। এ ব্যাপারে বিরোধী দলেরও ভূমিকা থাকা দরকার।’
৫ জানুয়ারি বিএনপির কর্মসূচিতে হামলার বিষয়ে গোলাম আব্বাছ চৌধুরী বলেন, ‘বিএনপির কর্মসূচিতে হামলা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভালো-খারাপ বিভিন্ন ধরনের মানুষ আমাদের সঙ্গে আছে। কিন্তু কোনো ঘটনা ঘটলে তার দায় আমাদেরই নিতে হয় এবং হবে। ভবিষ্যতে যাতে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটে, সে ব্যাপারে দৃষ্টি থাকবে।’
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, নগরের সৌন্দর্য নষ্ট করে অতি উৎসাহীরা ব্যানার-বিলবোর্ড স্থাপন করেছে। নেতা-কর্মীদের ২৫ জানুয়ারির মধ্যে সব ব্যানার-বিলবোর্ড খুলে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বরিশাল নগরে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চান।
নগরের গুরুত্বপূর্ণ সড়ক থেকে ব্যাটারিচালিত ইজিবাইক তুলে দিয়ে উচ্চ শব্দের মাহিন্দ্র, বিপজ্জনক সিলিন্ডার গ্যাসচালিত ইজিবাইক চলছে। তাতে সাধারণ মানুষ ক্ষুব্ধ। মানুষ আওয়ামী লীগের দিকে এর দায় চাপাচ্ছে। এ বিষয়ে সাদিক আবদুল্লাহ বলেন, ‘বিষয়টি নানাভাবে আমার কানে এসেছে। আমি ইজিবাইক তুলে দেওয়ার পক্ষে নই। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সঙ্গে বসে সমাধান করা হবে।’
এ ছাড়া নগর উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত, ময়লা-আবর্জনা অপসারণসহ নাগরিক সমাজের চাহিদা পূরণে নগরবাসীর পাশে থাকার ঘোষণা দেন মহানগর আওয়ামী লীগের নেতারা। নেতা-কর্মীদের ভুলত্রুটি গণমাধ্যমে তুলে ধারার পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা।
মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির পক্ষ থেকে এটাই প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম জাহাঙ্গীরসহ ৭১ সদস্যের কমিটির নেতারা উপস্থিত ছিলেন।