বিএনপির কাউন্সিল মার্চের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মার্চের মধ্যে জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের একপর্যায়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তবে কাউন্সিলের সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি তিনি।
মির্জা ফখরুল বলেন, সারা বিশ্বে জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে। কিন্তু বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে না। বিএনপির স্থায়ী কমিটি জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছে। এ ছাড়া সভায় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আর এ গনির মৃত্যুতে শোক জানানো হয়।
মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের শহীদের পরিসংখ্যান নিয়ে কথা বলায় বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ (গতকাল) একটি মামলার অনুমোদন দিয়েছে। এটিকে রাজনৈতিক প্রতিহিংসা আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে স্থায়ী কমিটি।
বৈঠক সূত্র জানায়, ১৫ মার্চের পরে কাউন্সিল করা, একই ব্যক্তিকে একাধিক পদে না দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
রাত সাড়ে নয়টার পরে বৈঠক শুরু হয়। চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। সর্বশেষ বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০০৯ সালের ৮ ডিসেম্বর।
বিএনপির গঠনতন্ত্রে বলা আছে, জাতীয় কাউন্সিলে দলের জাতীয় নির্বাহী কমিটি নির্বাচিত হবে। এই কমিটি নির্বাচিত হবে তিন বছরের জন্য। সে হিসাবে গত ডিসেম্বরের মধ্যে দলটির আরও দুটি কাউন্সিল হওয়ার কথা ছিল। কিন্তু একটিও হয়নি। ২০১৩ সালের ২৭ জানুয়ারি দলের স্থায়ী কমিটির বৈঠকে ওই বছরের মার্চে কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। কিন্তু শেষ পর্যন্ত হয়নি।
২০১১ সাল থেকে দলটি চলছে ভারপ্রাপ্ত মহাসচিব দিয়ে। মহাসচিবসহ দলের নীতিনির্ধারণী পর্ষদ ১৯ সদস্যের স্থায়ী কমিটির তিনজন মারা গেছেন। আরও দুই থেকে তিনজন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। এই অবস্থায় দল পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে বলে দলের নেতারা বলে আসছিলেন।