বিএনপির কাউন্সিল হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল করার অনুমতি পেয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
রিজভী বলেন, সম্মেলনের জন্য জায়গা চেয়ে তিনটি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল বিএনপি। গত বুধবার রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে, তারা কাউন্সিলের জন্য বিএনপিকে তাদের জায়গা ব্যবহার করতে দেবে।
পুলিশের অনুমতির বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, সম্মেলনের বিষয়টি বিএনপি আগে একবার পুলিশকে জানিয়েছে, আবারও জানাবে।
এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার জন্য গণপূর্ত অধিদপ্তর বিএনপিকে অনুমতি দিয়েছিল।
এ প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি সেখানে যাবে না। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনকে কেন্দ্র করে তাঁরা সম্মেলনের প্রস্তুতি শুরু করবেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতারা অভিযোগ করে আসছিলেন, বিএনপিকে অপ্রস্তুত রাখতে সরকার সম্মেলনের জায়গা দিচ্ছে না। এ অবস্থায় বিএনপির কোনো কোনো নেতা ঘোষণা দেন যে গাছতলা হোক, বটতলা হোক, তাঁরা সম্মেলন করবেন। এমনকি ১৯ মার্চের তারিখ উল্লেখ করে বিএনপি সার্কভুক্ত দেশসহ এশিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশের ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধী দলের সভাপতিকে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে ই-মেইলে যোগাযোগ শুরু করে।
সম্মেলন উপলক্ষে গঠিত বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক-বিষয়ক উপকমিটির একজন নেতা বলেন, সরকারের ওপর মানসিক চাপ তৈরি করতে বিএনপি বিদেশি নাগরিকদের আমন্ত্রণ জানানো শুরু করে। দু-এক দিনের মধ্যে জায়গার অনুমতি না পেলে তাঁরা সংবাদ সম্মেলন করে সব মহলের দৃষ্টি আকর্ষণ করতেন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, সোহরাওয়ার্দী উদ্যান ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র—এর যেকোনো একটিতে দলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন করে বিএনপি। কিন্তু এ ব্যাপারে তিন কর্তৃপক্ষের কাছ থেকে উপযুক্ত সাড়া না পেয়ে বিএনপির স্থায়ী কমিটি বিকল্প হিসেবে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে সম্মেলন করার সিদ্ধান্ত নেয়। পরদিন গণমাধ্যমে এ খবর প্রকাশ হলে বসুন্ধরা কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানায় যে তারা রাজনৈতিক দলের সম্মেলনের জন্য মিলনায়তন ভাড়া দেয় না।