বিএনপির কাউন্সিল হবেই: শাহ মোয়াজ্জেম
বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, যেভাবেই হোক, যেখানেই হোক, যত কষ্ট হোক বিএনপির কাউন্সিল হবেই। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আশির দশকের ১০১ জন ছাত্রনেতা আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন ‘খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও রুগণ গণতন্ত্র’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়।
শাহ মোয়াজ্জেম বলেন, দেশের গণতন্ত্র মৃত্যুশয্যায়। এখন ইনটেনসিভ কেয়ারে আছে।’ খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, যে আইনজীবী খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে তিনি সঠিকভাবে ‘রাষ্ট্রদ্রোহ’ লিখতে পারবেন না। নির্বাচন কমিশনের সমালোচনা করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘এদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’
আয়োজক সংগঠনের সমন্বয়কারী সরওয়ার আজম খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন আশির দশকের ছাত্রনেতা নজরুল হক নান্নু, আবু তাহের তালুকদার, সাইফুদ্দিন খাঁন, অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা আশরাফ উদদীন বকুল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কাজী রকিবুল ইসলাম রিপন প্রমুখ।