বিএনপির কাউন্সিল 'রঙ্গ-তামাশা': কাদের
বিএনপির কাউন্সিলকে ‘রঙ্গ-তামাশা’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাদের (বিএনপির) কাউন্সিল নিয়ে কত রঙ্গ-তামাশা! চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। গোপনে নির্বাচন হয়ে গেছে। আবার গোপনে নিষেধও করা হয়েছে, চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যানকে কেউ যেন অসম্মান না করে।’
গতকাল রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আওয়ামী লীগের জনসভা সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগের যৌথ সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কাউন্সিল হচ্ছে নির্বাচনের নামে একটা তামাশা। আমাদের সেই কাউন্সিল হবে না। আমাদের প্রকাশ্যে শেখ হাসিনার নাম প্রস্তাব হয়, সমর্থন হয়। কেউ যদি সেখানে প্রার্থী হতে চান, কোনো বাধা নেই। আমাদের সভাপতি-সাধারণ সম্পাদক পদে প্রকাশ্যেই নির্বাচন হবে। কাউন্সিল ছাড়া আমাদের কেন্দ্রীয় কমিটি পরিবর্তন করা যায় না। কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটি যখন-তখন পরিবর্তন করা যায়, যাকে-তাকে নেতা বানানো যায়।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।