আ.লীগকে বিএনপির আমন্ত্রণ
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ জানিয়েছে দলটি। আজ বুধবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল এ আমন্ত্রণপত্র পৌঁছে দেয়।
এর আগে বিকেল সোয়া পাঁচটার দিকে প্রতিনিধিদলের কাছ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আবদুল আউয়াল শামীম ও জি এম মাসুদুল হাসান। বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন ও যুবদলের সহসভাপতি সেলিমুজ্জামান।
আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, ‘ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে আমাদের চেয়ারপারসনের তরফ থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক আশরাফ সাহেবকে দাওয়াত দেওয়ার জন্য এখানে এসেছি। আমরা আশা করি, বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতি সমুন্নত রাখার স্বার্থে, আমাদের কাউন্সিলে তাঁদের প্রতিনিধি পাঠিয়ে বা তাঁরা নিজেরা গিয়ে আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাবেন।’
পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘সরকার বিএনপির কাউন্সিল অধিবেশনের জন্য সর্বাত্মক সহায়তা করছে। আমাদের আমন্ত্রণ জানানোয় তাঁদের ধন্যবাদ। আমাদের কোনো প্রতিনিধি বিএনপির কাউন্সিলে যাবেন কি না, এটা দলীয় বৈঠকে ঠিক করা হবে।’
১৯ মার্চ শনিবার বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।