বিএনপির কাজ ভালো কাজকে বিতর্কিত করা: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘ষড়যন্ত্র না করে আপনারা জামায়াতকে ছাড়ুন, ত্যাগ করুন।’

আজ রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪-দলীয় জোটের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নাসিম এসব কথা বলেন। নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী, সেখানকার ভোটার ও দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ১৪ দলের পক্ষে ধন্যবাদ জানান।

মোহাম্মদ নাসিম বলেন, আজকে প্রমাণ হয়ে গেছে, শেখ হাসিনা ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নারায়ণগঞ্জে একটা সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রমাণ হয়ে গেছে, গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জের নির্বাচনের রায় সবার মেনে নেওয়া উচিত উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, সবাই, এমনকি পরাজিত প্রার্থীও বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। তারপরও বিএনপি নেতারা একের এক বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। আসলে যেকোনো ভালো অর্জনকে বিতর্কিত করাই বিএনপির অভ্যাস। বাংলাদেশের সব ভালো অর্জনকে তারা বিতর্কিত করার চেষ্টা করেছে। বিএনপি মহান মুক্তিযুদ্ধের অর্জনকেও বিতর্কিত করার চেষ্টা করেছে।

নাসিম বলেন, ‘১৪ দল মনে করে, নারায়ণগঞ্জের মতো সুষ্ঠু নির্বাচনের ধারা অব্যাহত থাকবে। ২০১৯ সালেও শেখ হাসিনার অধীনে, পুনর্গঠিত নির্বাচনের কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি সংবিধানের ১১৮ ধারার ক্ষমতাবলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন।

আশকোনায় জঙ্গিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের বিষয়ে নাসিম বলেন, ‘অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ নিয়ে, ধৈর্যের সঙ্গে এই অভিযান পরিচালনা করেছেন। এ জন্য ১৪ দলের পক্ষ থেকে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেন, শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপের কারণেই দেশ থেকে জঙ্গি উৎখাত হচ্ছে। এটা তাঁর সফলতা। ভবিষ্যতেও যেকোনো মূল্যে সব জঙ্গিদের উৎখাত করা হবে।

বিএনপিকে জামায়াতকে ছাড়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘খালেদা জিয়ার বোধোদয় হওয়া উচিত। জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি কোনো দিন বিজয় অর্জন করতে পারবে না। সেই জন্য বলতে চাই, জামায়াতকে ছাড়ুন, ত্যাগ করুন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শ্রদ্ধা করতে না পারেন, কিন্তু জামায়াতকে সঙ্গে রেখে জনগণের ঘৃণার পাত্র হবেন না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, আহমেদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী এবং ১৪-দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের শরীফ নুরুল আম্বিয়া, শিরীন আখতার, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।