বিএনপির কার্যালয়ে কোকোর জন্য দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরাফাত রহমান কোকো
আরাফাত রহমান কোকো

বিএনপির চেয়ারপারসনের প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন দলীয় নেতা-কর্মীরা। আজ শুক্রবার আসরের নামজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত ২৪ জানুয়ারি মালেশিয়ায় মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজকের বিশেষ দোয়া মাহফিলে কয়েক শ নেতা-কর্মী এই দোয়া মাহফিলে অংশ নেন। উপস্থিত ছিলেন বিএনপি-সমর্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালও।
এই কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘ তিন মাস পর আজ আবার সরগরম হয়ে ওঠে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। গত ৩ জানুয়ারি রাতে ওই কার্যালয় থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে নিয়ে যায় পুলিশ। ওই রাতেই পুলিশ বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এরপর থেকে টানা তিন মাস কার্যালয়টি বন্ধ ছিল। গত ৪ এপ্রিল বিএনপির নেতা-কর্মীরা তালা কেটে কার্যালয়ে ঢোকেন। এরপর আজই একসঙ্গে অনেক নেতা-কর্মী কার্যালয় এলাকায় জড়ো হন।
কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুবদলের কারামুক্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।