বিএনপির কার্যালয়ে যুবলীগের তালা

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম জন্ম নিবন্ধনের জন্য টাকা আদায় করছেন- এমন অভিযোগ তুলে স্থানীয় যুবলীগ নেতারা গোপালপুর বাজারে অবস্থিত উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। গতকাল শুক্রবার রাতে তারা তালা ঝুলিয়ে দেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত কার্যালয় দুটি তালা বন্ধই পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, লালপুর উপজেলার গোপালপুর বাজারে অবস্থিত লালপুর উপজেলা এবং গোপালপুর পৌর বিএনপির কার্যালয়। দীর্ঘদিন ধরে এই কার্যালয়েই বিএনপির যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। গতকাল শুক্রবার রাতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে ছিলেন গোপালপুর পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র নজরুল ইসলাম। এ সময় তিনি যুবলীগের নেতা-কর্মীদের আসার খবর পান। বিশৃঙ্খলা এড়াতে তিনি তাঁর কার্যালয় বন্ধ করে বাড়ি চলে যান। এরপরই গোপালপুর পৌর যুবলীগের সদস্য এবং সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি হৃদয় ইসলামের নেতৃত্বে ১৫/২০টি মোটরসাইকেলে যুবলীগ নেতারা এসে বিএনপির ওই কার্যালয়ে নিজেদের তালা ঝুলিয়ে দেন।
এ ব্যাপারে হৃদয় ইসলাম বলেন, ‘পৌর মেয়র ও বিএনপি নেতা নজরুল ইসলাম পৌরসভায় জন্ম নিবন্ধনের নামে হাজার হাজার টাকা অবৈধভাবে আদায় করছেন। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই তাঁকে শায়েস্তা করতে তাঁর দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া তিনি জামায়াত-বিএনপি নেতা-কর্মীদের নিয়ে ওই কার্যালয়ে বসে সরকার-বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তাই বাধ্য হয়ে আমরা তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছি।’
তবে গোপালপুর পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র নজরুল বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার অসৎ উদ্দেশ্যে ওপরের নির্দেশে ওই যুবলীগ নেতা আমার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। এতে করে আমরা দলীয় কার্যালয়ে ঢুকতে পারছি না।’ জন্ম নিবন্ধনের জন্য কোনো অবৈধ টাকা নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
এদিকে, বিএনপি কার্যালয়ে যুবলীগ নেতা-কর্মীদের তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অবিলম্বে তালা খুলে না দিলে কঠোর রাজনৈতিক কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, এ বিষয়টি তাঁর জানা নেই। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।