কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিল ছাত্রদলের 'পদবঞ্চিতরা'

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে ‘পদবঞ্চিতরা’ আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভবনে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরে আগুন দিয়েছে। তারা কার্যালয়ের নিচের চায়ের দোকান ভাঙচুর করে ও কার্যালয়ের সামনে থাকা একটি মোটরসাইকেল ও ভ্যানে আগুন দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল পাঁচটার দিকে ছাত্রদলের পদবঞ্চিতরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আকস্মিকভাবে তাঁরা কার্যালয়ের সামনে থাকা দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। দ্রুতগতিতে কার্যালয়ের চার তলায় উঠে ভাঙচুর চালান তাঁরা। তবে পরে পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘোষিত ৭৩৬ সদস্যের কমিটিতে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ত্যাগী অনেক কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটিতে স্থান পায়নি। বিক্ষুব্ধরা বিক্ষোভ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তিনি শহীদ উদ্দিন চৌধুরীকে ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও সুলতান সালাহউদ্দিনকে সহ-ছাত্র বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি এবং রাজিব আহসান ও আকরামুল হাসানের নেতৃত্বাধীন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বাতিলের দাবি জানান। তিনি বলেন, এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিক্ষুব্ধ ও পদবঞ্চিতদের আন্দোলন চলবে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় কেউ আহত হন নি। কাউকে আটকও করা হয়নি।
ছাত্রদলের পদবঞ্চিতরা গতকাল রোববার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনেও বিক্ষোভ করেন। গত শনিবার বিএনপির ৭৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন খালেদা জিয়া।