বিএনপির কেউ সম্মেলনে যাবেন কি না, নিশ্চিত নয়
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আমন্ত্রিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছেন না। তবে দলের পক্ষ কোনো নেতা সম্মেলনে যাচ্ছেন কি না, তা জানা যায়নি। এ নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে গতকাল শুক্রবার রাত ১০টা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব পদের পাঁচজন নেতার সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
যদিও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন, ‘বিএনপির সম্মেলনে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও তারা আসেনি। কিন্তু বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেই প্রমাণ আওয়ামী লীগের সম্মেলনের দিন আবারও দেবে। আমরা যাব।’ তবে সন্ধ্যার পর থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসেনের পরিচিত দুটি মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে শেষ খবর জানা যায়নি।
গত বৃহস্পতিবার সকালে সম্মেলনের আমন্ত্রণপত্র পাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, এ ব্যাপারে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে।