বিএনপির কেন্দ্রীয় কমিটির কাঠামোয় পরিবর্তনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় কমিটির বর্তমান কাঠামোতে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কয়েকটি গুরুত্বপূর্ণ পদের সংখ্যা বাড়ছে। দলের জাতীয় কাউন্সিল সামনে রেখে গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বৈঠক সূত্র জানায়, দলের ভাইস চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক ও নির্বাহী সদস্য পদে সদস্যসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্থায়ী কমিটি। স্থায়ী কমিটি ও যুগ্ম মহাসচিব পদেও সদস্যসংখ্যা বাড়ানোর প্রস্তাব ছিল। কিন্তু নীতিনির্ধারকেরা এই দুই ক্ষেত্রে বর্তমান সংখ্যা রাখার পক্ষে মত দিয়েছেন। এখন স্থায়ী কমিটির সদস্য ১৯ জন, যুগ্ম মহাসচিব ৭ জন। এটি অপরিবর্তিত থাকছে।
স্থায়ী কমিটির এসব সিদ্ধান্ত কাল শনিবার জাতীয় কাউন্সিলে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে গঠনতন্ত্রে যুক্ত হবে।
গতকাল ছিল বর্তমান স্থায়ী কমিটির শেষ বৈঠক। রাত সাড়ে নয়টা থেকে প্রায় একটা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে মূলত গঠনতন্ত্র সংশোধনের বিভিন্ন প্রস্তাব ও কাউন্সিল নিয়ে আলোচনা হয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।