বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এবার কেক কাটা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার সকাল থেকে পৃথকভাবে কেক কাটার একাধিক কর্মসূচি ছিল দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর। কিন্তু শেষ পর্যন্ত কেক কাটার অনুষ্ঠান হয়নি।
সকাল ১০টায় স্বেচ্ছাসেবক দল ও সাড়ে ১০টায় জাতীয়তাবাদী মহিলা দলের কেক কাটার কর্মসূচি ছিল। কিন্তু এর আগে থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জলকামান ও সাঁজোয়া যানসহ অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়। কর্মসূচিতে অংশ নিতে আসা কর্মীরা পুলিশের বাঁধার মুখে কার্যালয়ে ঢুকতে পারেননি। পুলিশ কয়েক দফা নেতা-কর্মীদের কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দেয়। মহিলা দলের কয়েকজন কর্মীর সঙ্গে মহিলা পুলিশের সামান্য ধস্তাধস্তিও হয়।
তবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামানসহ কয়েকজন নেতাকে কার্যালয়ে ঢুকতে বাধা দেয়নি পুলিশ। পরে সংবাদ ব্রিফিংয়ে রিজভী অভিযোগ করেন, সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।
অবশ্য কেক কাটার আয়োজক সংগঠনগুলোর নেতাদের কাউকে দেখা যায়নি। আবার পুলিশের বাধার কারণে কেক কাটতে পারেননি, এমন অভিযোগ করেননি বিএনপির নেতারা। কেবল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী প্রথম আলোকে বলেন, পুলিশের বাধার কারণে তাঁরা দলীয় কার্যালয়ে ঢুকতে পারেননি। তাঁরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করেন। এ জন্য পুলিশের সঙ্গে ঝামেলায় যেতে চাননি।
আর মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বলেন, আগের রাতে তাঁরা বিএনপির চেয়ারপারসনের সঙ্গে কেক কেটেছেন। এ জন্য সকালের অনুষ্ঠান হয়নি।
ছাত্রদলের একটি সূত্র জানায়, আগের রাতেই তারা খবর পায় যে সকালে নয়াপল্টনে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে, এ কারণে বৃহস্পতিবার রাত দুইটার দিকে বিএনপির পক্ষ থেকে অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সকালের কেক কাটার কর্মসূচি না করতে বলা হয়।
ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান বলেন, আগের রাতেই গুলশানে কেক কাটার অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন এবং সংগঠনের পক্ষ থেকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। এ কারণে পরদিন আর আলাদা অনুষ্ঠান করা হয়নি।
পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার আসাদুজ্জামান দাবি করেন, জাতীয় শোক দিবস উপলক্ষে নিরাপত্তার অংশ হিসেবে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়।