বিএনপির কেন্দ্রীয় দপ্তরে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় দপ্তরে রদবদল হয়েছে। দলের সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদকে সরিয়ে অন্য দুই নেতাকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করে দপ্তরে নিযুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ পরিবর্তন আনা হয় বলে জানা গেছে।

বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, সহদপ্তর সম্পাদক পদ থেকে বেলাল আহমেদকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহগ্রাম সরকারবিষয়ক সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রশিক্ষণ সম্পাদক তারিকুল ইসলাম এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীকে বিএনপির নির্বাহী কমিটির সদস্যপদে মনোনীত করা হয়েছে। তাঁরা বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে ‘সংযুক্ত’ থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে এখন থেকে পাঁচ নেতা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাইফুল ইসলাম ও মুহম্মদ মুনির হোসেন নামের দুজন সহদপ্তর সম্পাদক রয়েছেন। এখন কেন্দ্রীয় দপ্তরে যুক্ত হলেন আবদুস সাত্তার ও তারিকুল ইসলাম।