বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনাস্থা তৃণমূলের
বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তৃণমূল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা। গতকাল বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া পৌর শহরের বালুর মাঠে আয়োজিত কর্মিসভায় ওই অনাস্থা জানানো হয়।
২০-দলীয় ঐক্যজোটের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
উপজেলা বিএনপির সভাপতি দিলওয়ার হোসেন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লেবার পার্টির কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) শাহজাহান মিয়া, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
কর্মিসভায় উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম বলেন, ‘৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময় আমরা তৃণমূল নেতা-কর্মীরা যে আন্দোলন গড়ে তুলেছিলাম, কিন্তু আপনারা কেন্দ্রীয় নেতারা ঢাকায় সেভাবে আন্দোলন করতে পারেননি। আপনাদের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়নি।’
উপজেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন ফরাজী বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের নেতা-কর্মীদের কথা না শুনে সিদ্ধান্ত নেয়। এ কারণে দলের দুর্দশা। ভবিষ্যতে মঠবাড়িয়ার নেতৃত্ব নির্বাচন (প্রার্থী মনোনয়ন) করবেন তৃণমূলের নেতা-কর্মীরা। ভবিষ্যতে কেন্দ্র আমাদের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত নিলে আমরা তা প্রত্যাখ্যান করব।’
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণা করে তৃণমূলের নেতা-কর্মীদের মাঠে নামিয়ে আপনারা (কেন্দ্রীয় নেতা) পর্দার আড়ালে থাকেন। আপনারা ঢাকার রাজপথে নেমে পুলিশের একটি গুলি খান, দেখবেন আমরা ১০০ গুলি খাব।’
নেতা-কর্মীদের ক্ষোভের জবাবে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের আন্দোলন-সংগ্রাম এবং তাঁদের ক্ষোভের কথা আমি দলের চেয়ারপারসনকে জানাব। মুক্তিযুদ্ধ কিন্তু বড় লোকদের ছেলেরা করেনি। করেছে গ্রামের কৃষক-শ্রমিকের সন্তানেরা। বেগম জিয়ার নেতৃত্বে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে আমাদের দলের যাঁরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তাঁরা অংশ নিচ্ছেন না। এখানেও আপনাদের মতো তৃণমূলের নেতা-কর্মীরা আন্দোলন করছেন।’