বিএনপির কোন্দল চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। এতে আমতলী বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। বিভক্ত হয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করায় দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমতলী উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করে। আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক গাজী তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ৫ সেপ্টেম্বর সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হয়। এ সদস্য সংগ্রহ অভিযানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ আবদুল মজিদ মল্লিক। এদিকে ৬ সেপ্টেম্বর আরেকটি পক্ষ পৌর বিএনপির সম্পাদক কামরুজ্জামানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ অভিযান শুরু করে। এ সদস্য সংগ্রহ অভিযানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার। একই দল ভিন্ন দলীয় কার্যালয়ে বিভক্ত হয়ে দুই দিনে সদস্য সংগ্রহ অভিযান শুরু করায় দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এতে দলীয় অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে। দীর্ঘদিন আমতলী বিএনপি দুটি ভাগে বিভক্ত হয়ে থাকলেও প্রকাশ্যে রূপ নেয়নি। বর্তমানে বিভক্ত হয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করায় অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় কয়েকজন কর্মী-সমর্থক ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের এই করুণ অবস্থায় আমতলী উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে, এটা অত্যন্ত দুঃখজনক।

জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম তালুকদার বলেন, আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক গাজী তৌহিদুল ইসলাম যে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছেন, এটা বৈধ। মতিয়ার রহমান তালুকদারের সদস্য সংগ্রহের সাংগঠনিক কোনো বৈধতা নেই।

গাজী তৌহিদুল ইসলাম দলীয় কোন্দল ও বিভক্তির বিষয়টি অস্বীকার করে বলেন, ব্যক্তি উদ্যোগে যদি কেউ সদস্য সংগ্রহ করে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু সাংগঠনিকভাবে তার কোনো বৈধতা নেই। তিনি আরও বলেন, মতিয়ার রহমান তালুকদার কমিটির কেউ নন। তিনি যে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছেন, তার কোনো আইনগত ও দলীয় বৈধতা নেই। তিনি দলীয় প্রটোকল অনুসারে কাজ করছেন না।

মতিয়ার রহমান তালুকদার দলীয় কোন্দল ও বিভক্ত হয়ে সদস্য সংগ্রহ অভিযানে ক্ষোভের কথা অস্বীকার করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচি দলের যে কেউ যেকোনো স্থানে বসে পালন করতে পারেন। এতে কোনো বাধা নেই। আহ্বায়ক গাজী তৌহিদুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, তৌহিদুল ইসলামের সাংগঠনিক ও কেন্দ্রের নির্দেশনা সম্পর্কে ভালো ধারণা নেই।

সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার আরও বলেন, ‘জেলা কমিটির নেতাদের যাঁরা পদলেহন করতে পারেন, তাঁদের কমিটি দেওয়া হয়।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম বলেন, ‘মতিয়ার রহমান তালুকদার সদস্য সংগ্রহ করার জন্য যাঁদের নিয়ে মাঠে নেমেছেন, তাঁরা বিএনপি করেন না। খন্দকার মাহবুবুর রহমানের ইন্ধনে তিনি দলের মধ্যে কোন্দল সৃষ্টি করতে চাচ্ছেন। দলের জন্য তাঁর কোনো আন্তরিকতা নেই।’