বিএনপির গোপন কথা বলার জন্য বিএনপিই যথেষ্ট: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির জন্য বিএনপির দেওয়া নাম জানার জন্য বঙ্গভবনের আশ্রয় নেওয়ার দরকার নেই। বিএনপির গোপন কথা বলার জন্য বিএনপিই যথেষ্ট।

গতকাল সোমবার সন্ধ্যায় পুরান ঢাকার হোসেনি দালানের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। আগের দিন রোববার যুবলীগের এক কর্মসূচিতে ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে সার্চ কমিটিতে রাখতে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করেছেন।

জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য সর্বৈব মিথ্যা ও অনভিপ্রেত। এটি একেবারেই ঠিক নয়। বিএনপির চেয়ারপারসন রাষ্ট্রপতির কাছে কোনো নাম দিয়েছেন কি দেননি, সেটা তো রাষ্ট্রপতিই বলতে পারবেন। ওবায়দুল কাদের এ কথা বলার কেউ নন। রাষ্ট্রপতি নিশ্চয়ই তাঁর সঙ্গে এ নিয়ে কথা বলেননি।

ফখরুলের বক্তব্যের জবাবে গতকাল ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গোপন কথা জানতে কি আমাদের বঙ্গভবনের আশ্রয় নিতে হবে। বিএনপির গোপন কথা বলার জন্য বিএনপিই যথেষ্ট।’ তিনি বলেন, ‘অনেকেরই মামলা আছে তো, জেল-জুলুমের ভয়ে গোয়েন্দাদের কাছে ঘরের কথা পরকে বলে দেন। তো এই সূত্র ধরে অনেকেই জানতে পারে তাদের ঘরের কথা। আমার কেন জানতে হবে।’

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নাম প্রস্তাবের আগে বিএনপি নিশ্চয়ই নিজেদের মধ্যে আলোচনা করেছে। সেই আলোচনা কি কেবল স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল? তাঁদের কারও কাছ থেকেই বেরিয়ে এসেছে বিচারপতি কে এম হাসানের নাম।

তোফায়েল আহমেদ বলেন, ‘আমার কাছে অবাক লেগেছে যে মির্জা ফখরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করতে পারেননি। মির্জা ফখরুল বলেছেন, ওবায়দুল কাদের জানলেন কীভাবে।’ তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য অসত্য হলে তা প্রত্যাখ্যানের ভাষা আছে, কিন্তু মির্জা ফখরুলের বক্তব্যে তা পাওয়া যায় না।

এম এ আজিজের মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে গতকাল সকালে আজিমপুর কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল করে আওয়ামী লীগ। বিকেলে হোসেনি দালানের সামনে অনুষ্ঠিত হয় স্মরণসভা।