বিএনপির ঘনিষ্ঠ দল ও ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার গত দুই বছরে বিপরীত আদর্শের রাজনৈতিক দল ও ইসলামপন্থীদের সঙ্গে নানা কৌশলে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগামী সংসদ নির্বাচনের আগে এই সম্পর্ক আরও বাড়াতে চায় সরকার।
সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি দলের দায়িত্বশীল একাধিক নেতা প্রথম আলোকে বলেন, কিছুদিন আগেও ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ হেফাজতে ইসলাম আওয়ামী লীগ সরকারের বিরোধী ছিল। এখন দুই পক্ষের সঙ্গেই সরকারের দূরত্ব কম। এর মধ্যে ইসলামী ঐক্যজোট দীর্ঘ ১৫ বছরের সম্পর্ক ভেঙে গত সপ্তায় বিএনপির নেতৃত্বাধীন জোট ছেড়েছে। দলটি ৩০০ আসনে একা নির্বাচন করার ঘোষণাও দিয়েছে। যদিও জোট ছাড়তে বিএনপির ওপর ‘ক্ষোভ’ ও সরকারের ‘চাপ’ ছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা আছে।
সরকার-সংশ্লিষ্ট কয়েকটি দলের একাধিক নেতা বলেন, সরকারের বিভিন্ন মহলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও তৎপরতায় তাঁদের মনে হয়েছে, সরকার ভেতরে ভেতরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইসলামী ঐক্যজোটের বিএনপি-দলীয় জোট ছাড়া এরই অংশ বলে মনে করছেন তাঁরা। এ জোটের আরেক শরিক জমিয়তে উলামায়ে ইসলামের একটি অংশও জোট ছাড়তে পারে বলে গুঞ্জন আছে। এর আগে ২০১৪ সালের শেষ দিকে এনপিপি, এনডিপি, ইসলামিক পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী-ন্যাপ) বিএনপির জোট ছেড়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতি মোহাম্মদ ওয়াক্কাছ প্রথম আলোকে বলেন, ‘এর আগে খেলাফত মজলিসের একটি অংশ জোট ছেড়েছে, এবার গেল ইসলামী ঐক্যজোট। এর অর্থ, সরকার ইসলামী দলগুলোকে কাছে টেনে নিচ্ছে। নির্বাচনে অবশ্যই এর প্রভাব পড়বে। বিষয়টি বিএনপির দেখা দরকার।’
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সরকারের প্রতি আগের কঠোর অবস্থানে নেই হেফাজতে ইসলামও। সংগঠনের আমির শাহ আহমদ শফীর সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাদের ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয়েছে। বিভিন্ন রকম ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে সহায়তাসহ নানাভাবে সহযোগিতা পাচ্ছে হেফাজত।
সরকারের একজন মন্ত্রী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের একাধিক নেতাও হেফাজতের আমির আহমদ শফীর সঙ্গে প্রায়ই দেখা-সাক্ষাৎ করেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সিটি নির্বাচনের আগে-পরে কয়েকবার হেফাজত আমিরের সঙ্গে দেখা করেন। গত বছরের ১৫ মে হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার খতমে বুখারির অনুষ্ঠানে অংশ নিয়ে একটি লিফট দেওয়ার ঘোষণা দেন তিনি। আমদানি করা ওই লিফটটি এখন মাদ্রাসার মসজিদে লাগানো হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকারি একাধিক সংস্থার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গেও হেফাজতের আমির ও তাঁর ছেলে আনাছ মাদানির নিয়মিত যোগাযোগ আছে। ২০১৩ সালের ৫ মে মধ্যরাতে মতিঝিলের শাপলা চত্বরে অভিযানের পর হেফাজতের আমির ও তাঁর ছেলের সঙ্গে এ যোগাযোগ গড়ে ওঠে। তখন সরকার ও বিভিন্ন মহল থেকে আর্থিক সুবিধা নেওয়ার কথা উঠলে হেফাজতের শীর্ষ নেতৃত্বে অনাস্থা ও অবিশ্বাস তৈরি হয়। ৫ মের পর বছর খানেক হেফাজতের নেতারা বক্তৃতা-বিবৃতিতে ক্ষোভ দেখালেও এখন আর তা দেখা যায় না।
সরকারি ও ইসলামি দলগুলোর একাধিক সূত্র জানায়, সরকার আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি জোটকে আরও দুর্বল করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তারই অংশ হিসেবে জোটের কিছু শরিক দল ও এই ঘরানার ব্যক্তিদের কাছে টানার কৌশল নেওয়া হয়েছে। হেফাজতের আমিরের সঙ্গে সম্পর্ক গড়া এবং ইসলামী ঐক্যজোটকে আলাদা করা সেই পরিকল্পনারই অংশ। এ কাজে কখনো আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে, কখনো মাদ্রাসার নিয়ন্ত্রণ হারানোর ভয় দেখিয়ে, আবার কখনো পুরোনো মামলা সচল করার হুমকি থাকে বলে সংশ্লিষ্টদের দাবি।
এ বিষয়ে জানতে চাইলে সদ্য জোটত্যাগী ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হচ্ছে সরকার অংশগ্রহণমূলক একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।’
সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকার বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরেও ২০ দলের শরিক ইসলামপন্থী দলকে নির্বাচনে গুরুত্বপূর্ণ মনে করে। সারা দেশে গোছানো সংগঠন না থাকলেও মাঠপর্যায়ে এই দলগুলোর কিছু প্রভাব আছে। এ লক্ষ্যে সরকার শুরু থেকেই বিএনপি ও জামায়াতকে দমিয়ে রাখার কৌশল আর ছোট দলগুলোকে ‘লোভ-টোপ ও চাপ’ দিয়ে আলাদা করার চেষ্টা করছে বলে সূত্রগুলো মনে করে। ৫ জানুয়ারির নির্বাচনের পর এ প্রক্রিয়া শুরু হলেও তা এখন নতুন করে গতি পেয়েছে।
অবশ্য, ইসলামী ঐক্যজোটের বিএনপির জোট ছাড়ার বিষয়ে বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের সংগঠন শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদের প্রতিক্রিয়া ভিন্ন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকারের ষড়যন্ত্র নিয়ে কথা বলতে চাই না। তবে যারা বেরিয়ে গেছে, তাতে কি বিএনপির খুব ক্ষতি হয়ে গেছে? এতে বিএনপির অস্থির হওয়ার কোনো কারণ দেখি না। আসলে এখন দরকার একটা সুষ্ঠু নির্বাচন।’ কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তাদের জোট ভাঙার চেষ্টা করছে।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন প্রথম আলোকে বলেন, হেফাজতে ইসলামের আমিরকে তো শেখ হাসিনা কওমি শিক্ষা কমিশনের চেয়ারম্যান করেছিলেন। তাঁরা তো নিরপেক্ষ শক্তি ছিলেন। বিএনপি-জামায়াতই তো তাঁদেরকে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য ব্যবহার করতে চেয়েছিল। এখন সরকার ও হেফাজত যদি সেই অবস্থান থেকে সরে আসে, তাতে তো সমস্যা নেই।
আর ইসলামী ঐক্যজোটসহ ইসলামি দলগুলো যদি মনে করে এখন আর বিএনপির সঙ্গে থাকার অবস্থান নেই; তারা তো চলে আসবেই। এ সুযোগে বিএনপিসহ অন্যরা এর দায়টা সরকারের ওপর চাপাতে চাইবে হয়তো। তবে আওয়ামী লীগ বা সরকার তার আদর্শ ঠিক রেখে দেশের সবার সঙ্গেই ভালো সম্পর্ক করবে এটাই স্বাভাবিক।