বিএনপির ঘাঁটিতে 'বিদ্রোহী' নিয়ে বিপাকে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানীনগর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। নবগঠিত এই উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপির একক প্রার্থী থাকায় নেতা-কর্মীরা ফুরফুরে মেজাজে রয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, ২০১৫ সালের ১৩ জুলাই ওসমানীনগর উপজেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নবগঠিত এই উপজেলায় আগামী ৬ মার্চ প্রথমবারের মতো উপজেলা পরিষদের ভোট হবে। গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩০ হাজার ৪৬০ জন। এর মধ্যে পুরুষ ৬৫ হাজার ৭৫১ জন ও নারী ৬৪ হাজার ৭০৯ জন। মোট ভোটকেন্দ্র ৫২টি। বুথের সংখ্যা ৩১৪। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ আতাউর রহমান নির্বাচনে লড়াই করছেন। অন্যদিকে একই দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো. আখতারুজ্জামান চৌধুরী ওরফে জগলু চৌধুরী। এই উপজেলায় বিএনপির প্রার্থী হয়েছেন ওসমানীনগর থানা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি ময়নুল হক চৌধুরী। জাতীয় পার্টির প্রার্থী মো. শিব্বির আহমদ।

গতকাল বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ওসমানীনগর ঘুরে জানা যায়, উপজেলা পরিষদের প্রথম নির্বাচনের বিষয়টি ছাপিয়ে ভোটারদের মধ্যে বেশি আলোচিত হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের কোন্দলের বিষয়টি। চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় বিএনপির প্রার্থী এখানে কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন বলে আওয়ামী লীগ-বিএনপি উভয় দলের নেতা-কর্মীরাই স্বীকার করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের দুজন মধ্যম সারির নেতা বলেন, পাঁচবারের সাবেক ইউপি চেয়ারম্যান এবং স্থানীয়ভাবে জনপ্রিয় মুহাম্মদ আতাউর রহমানকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু এটি মেনে নিতে পারেননি একসময়ের তুখোড় ছাত্রনেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগলু চৌধুরীর অনুসারীরা। এ অবস্থায় অনুসারীদের অনুরোধে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত জগলু চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এতে করে প্রকাশ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে কর্মীরা উভয়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

আওয়ামী লীগের অভ্যন্তরীণ এই কোন্দলকে নির্বাচনে কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করবেন না বিএনপির মনোনীত প্রার্থী ময়নুল হক চৌধুরী। তিনি মনে করেন, আওয়ামী লীগে ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় এবং বিএনপি ঐক্যবদ্ধ থাকায় তাঁর জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ময়নুল প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই ওসমানীনগর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। গুম হওয়া সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সংসদীয় আসনও ছিল এটি। দল যেহেতু নির্বাচনে অংশ নিয়েছে, তাই সবাই এখন ইলিয়াস গুমের প্রতিবাদ জানাতেই ধানের শীষে ভোট দেবেন। সাধারণ মানুষও মনে করে, সরকার ইলিয়াস আলীকে গুম করেছে, তাঁরাও তাই এবার ব্যালটে জবাব দেবেন।’

জগলু চৌধুরী বলেন, ‘চেয়ারম্যান পদে দল যাঁকে মনোনয়ন দিয়েছে, তৃণমূলের কর্মীরা তাঁকে মেনে নিতে পারেননি। তাই তৃণমূলের কর্মীদের মতামত উপক্ষো করতে না পেরে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররা আমার সঙ্গেই রয়েছেন।’ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আতাউর রহমান দলে ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন বলে স্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখন আমাকে দুটি বিষয় নিয়ে ভাবতে হচ্ছে। প্রথমত, দলের বিদ্রোহী প্রার্থী এবং দ্বিতীয়ত, বিএনপির মনোনীত প্রার্থী। দল ঐক্যবদ্ধ থাকলে প্রথম ভাবনা থাকত না। এরপরও আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ আতাউর আরও বলেন, কেন্দ্র তাঁকে চেয়ারম্যান পদে এবং জগলু চৌধুরীকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছিল। কিন্তু জগলু চৌধুরী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র গ্রহণ না করে চেয়ারম্যান পদে বিদ্রোহী হয়েছেন।

ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু লায়েশ দুলাল বলেন, নির্বাচন কমিশন নতুনভাবে গঠিত হওয়ার পর প্রথম নির্বাচন হওয়ায় নির্বাচনটিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হচ্ছেন বিএনপির মো. গয়াছ মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগেন মুক্তা পারভীন, বিএনপির মুছলিমা আক্তার চৌধুরী এবং স্বতন্ত্র হিসেবে হুছনা বেগম ও শারমিন আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন।