বিএনপির ঘোষিত কমিটিতে পরিবর্তনের সম্ভাবনা কম
বিএনপির নতুন কমিটি নিয়ে দলের নেতাদের অনেকের ক্ষোভ-হতাশা থাকলেও ঘোষিত কমিটিতে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। দলের ১৯ সদস্যের স্থায়ী কমিটির আকার বড় করারও আপাতত সম্ভাবনা নেই। তবে এখন শূন্য থাকা কয়েকটি পদের পাশাপাশি এক নেতার এক পদ নীতি কার্যকর হলে আরও প্রায় ৪০টি পদ খালি হবে। সে পদগুলো পূরণের ক্ষেত্রে ‘বঞ্চিতদের’ বিষয়টি বিবেচনা করা হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব আলোচনা হয় বলে বৈঠকে থাকা একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে। রাত সোয়া ৯টা থেকে ১১টা পর্যন্ত গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে ওই বৈঠক হয়।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে রাজধানীতে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হবে। রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়েও বৈঠকে দীর্ঘ আলোচনা হয় এবং এর প্রতিবাদে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়। শিগগির সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করা হবে। এ ছাড়া খালেদা জিয়ার নেতৃত্বে ২১ আগস্ট বিএনপির নতুন কমিটি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যাবে বলে সিদ্ধান্ত হয়।
স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বৈঠকে মূলত সাংগঠনিক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। দলের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা ও মহানগর কমিটির কাঠামো ঠিক করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ন্যূনতম ১০০ জন নিবন্ধিত সদস্য করতে হবে। জেলা কমিটি হবে ১৫১ সদস্যের। এর মধ্যে ৭৪টি হবে কর্মকর্তা পর্যায়ের পদ, বাকি ৭৬টি হবে সদস্য পদ। বৈঠকে বিএনপির বিষয়ভিত্তিক উপকমিটি করার বিষয়টি আলোচনায় এসেছিল। কিন্তু এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
স্থায়ী কমিটির আকার বাড়ছে বা কমিটিতে পরিবর্তন আসছে কি না—এমন প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, স্থায়ী কমিটি ১৯ সদস্যেরই থাকছে। দুটি শূন্য পদে খালেদা জিয়া নিয়োগ দেবেন। আর ঘোষিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতেও কোনো পরিবর্তন আসবে না।
বিএনপির সম্মেলনের পর গঠিত নতুন স্থায়ী কমিটির প্রথম বৈঠক ছিল এটি। তবে স্থায়ী কমিটিতে নতুন করে জায়গা পাওয়া দুই সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন না। খসরু দেশের বাইরে আছেন। সালাহ উদ্দিন ভারতের শিলংয়ে আটক আছেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে¦বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।