বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির এবারের জাতীয় সম্মেলনে চেয়ারপারসন পদের মতো সিনিয়র ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচন হবে। এত দিন ওই পদে নির্বাচন করার নিয়ম দলের গঠনতন্ত্রে ছিল না। বিএনপির স্থায়ী কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে চেয়ারপারসন গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী অনুমোদন করেছেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান। গত বুধবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।
ওই বৈঠকে খালেদা জিয়াকে প্রধান করে সম্মেলন প্রস্তুতি কমিটি ও এ লক্ষ্যে ১১টি উপকমিটি গঠন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারপারসন নির্বাচনের সঙ্গে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচনের লক্ষ্যে দলীয় গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনীর জন্য চেয়ারপারসনকে অনুরোধ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে চেয়ারপারসন দলের গঠনতন্ত্রের ১৯-ক ধারায় সংশোধনী অনুমোদন করেছেন।’ বিএনপির সর্বশেষ জাতীয় সম্মেলনে দলের গঠনতন্ত্রে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করা হয়। তারেক রহমান এ পদে আছেন।
মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটির সভা নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। এর চেয়ারম্যান হলেন দলের প্রবীণ নেতা জমির উদ্দিন সরকার।
এ ছাড়া খালেদা জিয়াকে প্রধান করে সম্মেলন প্রস্তুতি কমিটি এবং ১১টি উপকমিটি গঠন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘১৯ মার্চ জাতীয় কাউন্সিল হবে। আমরা তারিখ ঘোষণা করেছি। ভেন্যু আমরা তিন জায়গাতে চেয়েছি। কোথায় হবে, এখনো আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। আশা করছি, দুই-এক দিনের মধ্যে নিশ্চিত হতে পারব।’ তিনি বলেন, স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার নিন্দা জানানো হয়। স্থায়ী কমিটি খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।