বিএনপির জনসভায় সমাগম দেখে সরকার উন্মত্ত: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, খালেদা জিয়ার বিভিন্ন জনসভায় বিপুল জনসমাগম দেখে সরকার প্রতিহিংসায় উন্মত্ত হয়ে বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর পৈশাচিক আক্রমণ চালাচ্ছে। কাল শনিবার নারায়ণগঞ্জের জনসভাকে সামনে রেখে স্থানীয় নেতা-কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার করা হচ্ছে।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ অ​িভযোগ করেন। তিনি দাবি করেন, বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আওয়ামী দুর্বৃত্তরা বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে এবং পরিবারের নারীদের সঙ্গেও অশোভন আচরণ করা হচ্ছে।
রিজভী দাবি করেন, গতরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা বিএনপির নেতা ইব্রাহিম, যুবদলের নেতা দেলোয়ার, তারা মিয়া, আনোয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়া রূপগঞ্জ থানা মহিলা দলের সভানেত্রী ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হাওয়া বেগম ও জাসাসের নেতা আলমগীরের বাড়িতে আওয়ামী লীগের নেতা বজলুর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তাঁদের বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। নারায়ণগঞ্জ ২০–দলীয় জোটের উদ্যোগে আগামীকাল অনুষ্ঠেয় জনসভায় জনসাধারণের বিপুল অংশগ্রহণকে বিভ্রান্ত করার জন্য সরকারের এটি একটি ঘৃণ্য কূটকৌশল।
রিজভী বলেন, ‘অবৈধ ক্ষমতাসীনরা জনগণের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ক্ষমতা ধরে রাখতে এমনই মরিয়া যে, সারা দেশকে মহাশ্মশানে পরিণত করে হলেও ক্ষমতার সাধের চেয়ার আঁকড়ে ধরে আছে। বিএনপি অত্যন্ত জোরালো কণ্ঠে বলতে চায়, এই নৈরাজ্যকর পরিস্থিতির জন্য তাদের মহামাশুল দিতে হবে। তাদের কাণ্ডজ্ঞান যদি ফিরে না আসে, তবে অধিকারহারা জনগণ প্রবল প্রতিরোধে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠাবেই। ’