বিএনপির জন্য কারাগার, পথে নামলেই আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের রাজনীতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের প্রবল দ্বন্দ্ব। হাইব্রিড ও মূলধারা নামের এই দুই পক্ষ পরস্পরের মুখোমুখি। অন্যদিকে জেলা বিএনপির নেতা-কর্মীরা মামলা ও পুলিশি অভিযানে বিপর্যস্ত। বিস্তারিত প্রতিবেদন করেছেন আশীষ-উর-রহমান ও অজয় কুন্ডু

‘আমাদের চার শর বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা। রাস্তায় নামলেই পুলিশ ধরপাকড় শুরু করে, আর জেলে চালান দেয়। শহর আমাদের জন্য প্রায় কারাগারে পরিণত হয়েছে। এবার রোজায় ইফতার মাহফিল পর্যন্ত করতে দেয়নি। মাদারীপুরে আমাদের অবস্থা খুবই বিপন্ন।’ এভাবেই দলের অবস্থা সম্পর্কে এই মন্তব্য করলেন মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী।

মাদারীপুরে বিএনপির অবস্থান এতই সংকটময় যে গত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তারা কোনো প্রার্থীই দিতে পারেনি। জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার ৬১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির ৮-১০ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা অন্যকে সমর্থন দিয়ে বসে যান। ফলে কোনো প্রার্থী ছিল না। মাদারীপুর জেলায় মাদারীপুর সদরের অংশ, শিবচর, কালকিনি ও রাজৈর—এই চারটি উপজেলা ও চারটি পৌরসভা। উপজেলা নির্বাচনে বিএনপির কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি। পৌরসভা নির্বাচনেও কেউ আগ্রহী হননি। মিজানুর রহমান প্রথম আলোকে বলছিলেন ‘পৌরসভা নির্বাচনেও যখন দেখলাম ধানের শীষ মার্কা থাকছে না, তখন দলের প্রতীক টিকিয়ে রাখতেই সদরে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম। এর ফলে এখন আমাকে মাদারীপুর ছাড়তে হয়েছে।’

জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছে ২০১০ সালে। তখন দলে নিবেদিত এবং রাজপথে সক্রিয় নেতাদের বাদ দিয়ে এমন অনেককে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়, যাঁরা দলে সক্রিয় নন। এমনকি কিছু প্রবাসীকেও পদ দেওয়া হয়। এতে পদবঞ্চিত ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের অধিকাংশই অপেক্ষাকৃত তরুণ। দলের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। এই অন্তর্দ্বন্দ্বের কারণেও জেলায় বিএনপির সাংগঠনিক শক্তি দুর্বল হয়েছে।

মাদারীপুরে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল, সাংগঠনিক কার্যক্রম বন্ধ। গত ৬ মে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাঁরা আবু বক্কর সিদ্দিক বিদ্যালয় নামের একটি বেসরকারি স্কুলে সমাবেশের আয়োজন করেছিলেন। তাতে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। আবার জেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ বহু নেতা-কর্মীর নামে এই ঘটনায় মামলাও হয়েছে।

২০০৮ সালের নির্বাচনের পর থেকে মাদারীপুরে বিএনপির কার্যক্রম ক্রমেই সংকুচিত হয়ে এসেছে। ২০১৪-এর নির্বাচন-পরবর্তী ১০০ দিনের আন্দোলনও হয়নি। মাঝে মাঝে যুবদল ও ছাত্রদলের নেতৃত্বে শহরের বাইরে ঝটিকা মিছিল হয়েছে। এর জন্য চড়া মূল্যও দিতে হয়েছে তাঁদের। এসব মিছিলে মূলত নেতৃত্ব দিয়েছেন যুবদলের সভাপতি মিজানুর রহমান ও শহর যুবদলের সম্পাদক কামাল হোসেন, শহর ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান প্রমুখ। তাঁদের নামে মামলাও হয়েছে দশের অধিক। কামাল হোসেন ও মনিরুজ্জামান দীর্ঘদিন কারাগারে থেকে ঈদের আগে জামিনে ছাড়া পেয়েছেন। মিজানুর রহমান সপরিবার থাকেন ঢাকায়। টেলিফোনে তিনি জানালেন, তাঁর নামে মামলা আছে ১১টি। গত তিন বছরে ১৫ বার তাঁর বাড়িতে পুলিশ তল্লাশি অভিযানের নামে তছনছ করেছে। তাঁকে না পেয়ে তাঁর ৯ বছরের ভাতিজাকে থানায় ধরে নিয়ে গেছে। তাঁর বয়োবৃদ্ধ বাবাকে হেনস্তা করা হয়েছে।

মিজান আরও জানালেন, তিনি এলজিইডি, পিডব্লিউডি ও জেলা পরিষদের প্রথম শ্রেণির ঠিকাদার। কিন্তু ২০০৮ সালের পর তিনি কোনো কাজ পাননি। শহরে তাঁর একটি রড-সিমেন্টের দোকান ছিল। নানামুখী চাপে সেটি বন্ধ করে দিতে হয়েছে। এলাকায় থাকতে না পেরে সপরিবার ঢাকায় চলে এসেছেন। তাঁর দুই ভাই বিদেশে থাকেন। তাঁদের আর্থিক সাহায্য নিয়ে এখন সংসার চালাচ্ছেন।

মাদারীপুর শহরে বিএনপির কোনো জেলা কার্যালয়ই নেই। শহরের পুরান বাজার এলাকায় যে দলীয় কার্যালয়টি ছিল, তা পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন মেলবোর্ন প্লাজার নিচের তলায় একটি ঘরে দলের নেতা-কর্মীরা খুব জরুরি প্রয়োজন হলে একত্র হন। দলের সভাপতি আবু বকর সিদ্দিক ওরফে ‘আবু মুনশি’র বাড়ি শহরতলির চরমুগড়িয়া এলাকায়। এখানে ছাত্রদলের একটি কার্যালয় আছে। এখানেই সভাপতি মাঝে মাঝে এসে বসেন। মূল দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও আসেন। গত ১০ জুন এখানেই জেলায় তাঁদের অবস্থান নিয়ে কথা হলো প্রবীণ নেতা আবু বকর সিদ্দিকের সঙ্গে। এ সময় সদর থানা বিএনপির সহসভাপতি ফিরোজ মাহামুদ, জিয়া পরিষদের সদস্যসচিব আলমগীর সরদার, মৎস্যজীবী দলের সভাপতি মোকবুল হোসেনসহ আরও নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁরাও আলোচনায় অংশ নেন।

বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক আত্মীয়তার সূত্রে সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পরিবারের সঙ্গে যুক্ত। তবে তিনি বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ ‘খুব উগ্র প্রতিপক্ষ’। তিনি জানালেন, মাদারীপুরে বিএনপির অবস্থা এমন দুর্বল ছিল না। একসময় জাতীয় সংসদে মাদারীপুরের দুটি আসন ছিল বিএনপির। মাদারীপুর-২ আসনের সাংসদ ছিলেন কাজী মাহাবুব আহমেদ এবং মাদারীপুর-৩ আসনের সাংসদ ছিলেন আবদুল মান্নান সিকদার। তিনি ভূমি প্রতিমন্ত্রীও হয়েছিলেন। পরে তাঁদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। সাংগঠনিক শক্তি কমে আসে। ১৯৮৮ সালের নির্বাচনে বিএনপি সব আসন হারায়। এই সুযোগে এরশাদবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ওঠে। এরপর থেকে (১৯৯৬-এর ১৫ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া) মাদারীপুরে বিএনপি আর কোনো আসনে জয়ী হতে পরেনি। জেলা বিএনপির সভাপতি মানে করেন, প্রার্থী মনোনয়ন গণমুখী না হওয়াতেই তাঁরা জাতীয় নির্বাচনে হেরেছেন। সংগঠন দুর্বল হওয়ায় ক্রমে ক্রমে তাঁরা স্থানীয় সরকারের নির্বাচনেও হারতে থাকেন। এখন তো নির্বাচনে অংশই নিতে পারছেন না।

দলের জেলা সম্পাদক জাহান্দার আলীর বাড়ি শহরের চৌরাস্তা এলাকায়। বাড়িতেই তাঁর সঙ্গে কথা হলো। তিনিও বললেন, দলের এই সাংগঠনিক দুর্বলতার প্রধান কারণ হলো, জাতীয় নির্বাচনে এখানে স্থায়ী কোনো প্রার্থী না থাকা। ওপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। যাঁদের মনোনয়ন দেওয়া হয়, তাঁরা ভোটের সময় আসেন। নির্বাচনের পর আর এলাকায় থাকেন না। ফলে স্থানীয় নেতৃত্বের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ থাকে না। তৃণমূলের পছন্দ-অপছন্দ কোনো সময় কেন্দ্রে গুরুত্ব পায়নি। কেন্দ্র তাদের মতো করে মনোনয়ন দেয়, নেতা নির্বাচন করে। ফলে তৃণমূলের নেতারা মনে করেন, দলে তাঁদের কোনো অবস্থান নেই। ভবিষ্যৎ নেই। সবার মধ্যে একধরনের হতাশার সৃষ্টি হয়েছে। তার ওপর প্রশাসনিক চাপ তো আছেই।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেন্দ্র নতুন করে জেলা কমিটিগুলো পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছে। এই নিয়ে দলের ভেতরের পুরোনো অভ্যন্তরীণ দ্বন্দ্বও আরও প্রবল হয়ে উঠছে। নাম প্রকাশে অনিচ্ছুক তরুণ নেতারা বলেছেন, আগের কমিটিগুলোতে দেখা গেছে যাঁরা মাঠের আন্দোলনে নেই, এমনকি দেশেও থাকেন না, দীর্ঘদিন প্রবাসী, তাঁরা লবিং করে দলের গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। এবারও তাঁরা পদ পেতে কেন্দ্রে লাইন-লবিং করছেন। এ কারণে ত্যাগী ও মামলা-হামলার শিকার নেতা-কর্মীদের মধ্যে একটি ক্ষোভ ও হতাশা কাজ করছে।

তরুণদের একাংশ চায়, যাঁরা এই দুঃসময়েও মাঠে থেকেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন, তাঁদের নেতৃত্বে নতুন করে কমিটি হোক। ক্ষমতাসীনদের সঙ্গে লিয়াজোঁ করে যাঁরা টিকে আছেন বা যাঁরা বিদেশে থেকে অর্থের জোরে তাঁরা যদি আবার নেতৃত্বে আসেন, তাহলে এই সাংগঠনিক দুর্বলতা কাটবে না। মাদারীপুরে জনসাধারণের মধ্যে বিএনপির সমর্থন রয়েছে। যোগ্যরা নেতৃত্বে এলে এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার হলে জাতীয় নির্বাচনে বিএনপি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী গড়ে তুলতে পারবে। আগামী দিনে স্থানীয় সরকারের নির্বাচনেও অনেক আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হতে পারবেন।