বিএনপির জমা ১৪ লাখ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালে আয়-ব্যয় শেষে বিএনপির তহবিলে ১৪ লাখ টাকা জমা হয়েছে। দলটির আয়ের উৎস হলো সদস্যদের চাঁদা, শুভাকাঙ্ক্ষীদের দান এবং দলীয় প্রকাশনা সামগ্রী বিক্রি।
আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশনে ২০১৬ সালে বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, ২০১৬ সালে বিএনপির আয় হচ্ছে ৪ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা। ব্যয় হচ্ছে ৩ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৮৫২ টাকা। উদ্বৃত্ত আছে ১৪ লাখ ৪ হাজার ৮৭৮ টাকা।
আয়ের খাত সম্পর্কে জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, ‘দলের তৃণমূলের সদস্যদের চাঁদা, ডোনেশনকেও আমরা আয় হিসাবে নিয়েছি। এ ছাড়া এবার আমরা ভিশন টোয়েন্টি থার্টি (পুস্তিকা) ১২ টাকা করে বিক্রি করেছি। ব্যাংকে এফডিআর সুদও আছে।’