বিএনপির জায়গা ঠিক হয়নি দাওয়াত বিদেশি অতিথিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের জন্য এখনো পছন্দের জায়গা পায়নি বিএনপি। তবু বসে নেই সম্মেলন প্রস্তুতি কমিটির নেতারা। ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় সম্মেলন—এটা উল্লেখ করেই বিএনপির নেতারা ইতিমধ্যে সম্ভাব্য বিদেশি অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন।
বিএনপির সূত্র জানায়, ২০০৯ সালের পঞ্চম জাতীয় সম্মেলনের মতো এবারও বেশ কয়েকজন বিদেশি রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিবেশী ভারতসহ সার্কভুক্ত দেশগুলোর ক্ষমতাসীন দল ও বিরোধী দলের প্রধানকে আমন্ত্রণ জানানো হবে। এশিয়ার দেশগুলোর মধ্যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও মিয়ানমারের ক্ষমতাসীন অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সভাপতিকে দাওয়াত করা হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, কানাডা, ইতালি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডাসহ বেশ কয়েকটি দেশের প্রধান দুই দলের চেয়ারম্যান বা সভাপতিকে আমন্ত্রণ জানানো হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি রাজনীতিক ও বিশিষ্ট নাগরিকদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ জানাচ্ছেন।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন গতকাল মঙ্গলবার বলেছেন, এবারের সম্মেলনে বিভিন্ন দেশের রাজনীতিক নেতাদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে কাজের জন্য নিজেদের দেশে এবং আন্তর্জাতিক সুনাম অর্জনকারী কয়েকজন নাগরিককেও আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
দলের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আজ বুধবার থেকে দেশে ও বিদেশে এসব আমন্ত্রণপত্র পাঠানোর কথা রয়েছে। আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানোর আগে ইতিমধ্যেই সম্ভাব্য অতিথিদের অনেকের সঙ্গে দলের পক্ষ থেকে ই-মেইলে যোগাযোগ করা হয়েছে।
ওই সূত্র জানায়, গত সম্মেলনের অতিথি ব্রিটিশ পার্লামেন্টারিয়ান জর্জ গ্যালাওয়ের সঙ্গে এবারও যোগাযোগ করেছিল বিএনপি। এবার তিনি সে দেশে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণে সম্মেলনে আসতে পারছেন না বলে জানিয়েছেন গ্যালাওয়ে। তবে তিনি সম্মেলনের সাফল্য কামনা করেছেন বলে জানিয়েছেন একজন নেতা।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির আহ্বায়ক শফিক রেহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘২০০৯ সালের মতো এবারও আমরা বিদেশি অতিথিদের সম্মেলনে আনার প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যেই তাঁদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে।’
শফিক রেহমান বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক বিশেষ কমিটির আহ্বায়ক। ২০০৯ সালের সম্মেলনেও তিনি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির আহ্বায়ক ছিলেন। জানা গেছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব সম্মেলন অনুষ্ঠানে বড় ধরনের আয়োজন ও পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট জায়গা পায়নি।
একধরনের অনিশ্চয়তার মধ্যে দিয়েই সম্মেলনের প্রস্তুতি চলছে বলে জানান একজন নেতা। দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আশাবাদী, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অথবা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের যেকোনো একটিতে তাঁরা সম্মেলন অনুষ্ঠানের অনুমতি পাবেন।
এদিকে সম্মেলন অনুষ্ঠানের জন্য গঠিত ১১টি উপকমিটির মধ্যে সাতটির কাজ কিছুটা এগিয়েছে। এর মধ্যে ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংশোধন, দপ্তর ও যোগাযোগ, প্রচার ও ব্যবস্থাপনা, আপ্যায়ন, ড্রাফটিং, প্রকাশনা ও চিকিৎসাসেবা-বিষয়ক উপকমিটি উল্লেখযোগ্য। শৃঙ্খলা, অর্থ, অভ্যর্থনা ও সাংস্কৃতিক কমিটির কাজ সেভাবে এগোয়নি বলে জানা গেছে। এর মধ্যে আজ বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম বৈঠকে বসবে আ স ম হান্নান শাহর নেতৃত্বাধীন শৃঙ্খলাবিষয়ক উপকমিটি। জানতে চাইলে দপ্তর ও যোগাযোগ উপকমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, ‘সরকার তো ঝামেলা করছেই। আমরাও প্রস্তুতি রাখছি। দেখা যাক, কী হয়।’