বিএনপির জেলা পর্যায়ের অধিকাংশ নেতা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আর অংশ না নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব অংশ নেওয়ার পক্ষেই আছেন।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানায়। জেলার নেতাদের এ মত উপেক্ষা করে ইউপি নির্বাচনে থাকায় মিশ্র প্রতিক্রিয়া আছে। দলের নেতাদের কারও কারও মূল্যায়ন হচ্ছে, নির্বাচনে থাকার সিদ্ধান্ত ঘোষণার পরদিন নাশকতা ও দুর্নীতির পাঁচ মামলায় দলীয় প্রধানের ঢাকার দায়রা জজ আদালতে জামিনের জন্য হাজিরা বা আত্মসমর্পণের একটা প্রভাব থাকতে পারে।
দলীয় সূত্রগুলো জানায়, ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের পর দলের শীর্ষ নেতৃত্বের পরামর্শে বাকি নির্বাচনে থাকা না–থাকার বিষয়ে বিএনপির মাঠপর্যায়ের নেতাদের মতামত নেওয়া হয়। এতে জেলা ও মহানগর বিএনপির ৮০ জন সভাপতি-সাধারণ সম্পাদক মত দেন। এর মধ্যে ১৬ জন নির্বাচনে থাকতে এবং ৬৪ জন নির্বাচন বর্জন করতে বলেন। নেতাদের বক্তব্য নিয়ে একটি সারসংক্ষেপ তৈরি করা হয়।
জানা গেছে, সৈয়দপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও হবিগঞ্জ জেলার নেতারা নির্বাচনে থাকার পক্ষে মত দিয়েছেন। সৈয়দপুর জেলার সভাপতি আবদুল গফুর সরকার ‘নির্বাচনে থাকা উচিত’ বলে মত দিয়ে বলেছেন, ভোটাররা ভোট দিতে না পারলে তাঁদের ক্ষোভ আরও বাড়বে। তবে, রাজশাহীর জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা মনে করেন, নির্বাচন বর্জন করলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
একই জেলা থেকে নির্বাচনে থাকার পক্ষে-বিপক্ষেও মত এসেছে। লালমনিরহাট জেলার সভাপতি আসাদুল হাবিব বলেন, বর্জন না করে নির্বাচনী প্রক্রিয়ায় মাঠে থাকলে কর্মীরা সক্রিয় থাকবে। তাঁর কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেছেন, নির্বাচন বর্জন করা ভালো। নির্বাচনে থেকে দলের প্রচুর ক্ষতি হচ্ছে। সামনে আরও বিপর্যস্ত হবে।
জেলা নেতাদের পাঠানো মতামত থেকে জানা গেছে, কোনো কোনো নেতা নির্বাচনে থাকার ঝুঁকির কথা বলেছেন। আবার কেউ কেউ তৃতীয় ধাপ শেষে বর্জন করা এবং স্বতন্ত্রভাবে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন। এর মধ্যে কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন, নির্বাচন বর্জন করা ভালো হবে। এতে জীবনের ঝুঁকি বাড়ছে, নেতা-কর্মীরা হয়রানির শিকার হচ্ছেন।
সুনামগঞ্জ জেলার প্রথম যুগ্ম আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ (মিলন) বলেন, তৃতীয় ধাপ শেষে পরবর্তী ধাপগুলো বর্জন করা যেতে পারে। আর পাবনা জেলার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেছেন, পরবর্তী ধাপগুলোতে দলীয় প্রতীকে নির্বাচনে না গিয়ে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করা ভালো হবে।
বিএনপির সূত্র জানায়, নির্বাচনের ব্যাপারে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠের অনাগ্রহ দেখে দলের শীর্ষ নেতৃত্ব ইউপির বাকি ধাপের নির্বাচনগুলোতে অংশ না নেওয়ার মনস্থির করেন। এরই পরিপ্রেক্ষিতে গত ৩১ মার্চ দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করে ব্যাপক অনিয়মের অভিযোগ করে প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন বাতিলের দাবি জানান। তিনি এ-ও বলেন, তৃতীয় ধাপে পরিস্থিতির উন্নতি না হলে পরবর্তী ধাপের নির্বাচনগুলোতে বিএনপি থাকবে কি না, নতুন করে ভাববে।
নির্বাচন কমিশন থেকে বের হয়ে মো. শাহজাহান এসব কথা সাংবাদিকদের কাছেও বলেন। পরদিন এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেছিলেন, যে খেলার ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকে, সে খেলা খেলে কী লাভ!
কিন্তু তিন দিনের মাথায় বিএনপির এই কঠোর মনোভাবে পরিবর্তন আসে। ৩ এপ্রিল দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের বৈঠকে বেশির ভাগ নেতা নির্বাচনে থাকার পক্ষে যুক্তি দেন। পরদিন ৪ এপ্রিল রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ২০-দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকেও এর ব্যতিক্রম হয়নি।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে থাকার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘আমরা গণতন্ত্রের স্বার্থে এবং গণতান্ত্রিক আন্দোলনের চলমান প্রক্রিয়ায় এ নির্বাচনে অংশ নিয়েছি। এ নির্বাচনে আমরা এখনো আছি। শেষ পর্যন্ত থাকব। আমরা দেখতে চাই, এই নির্বাচন কমিশন কতটা খারাপ, অযোগ্য হতে পারে। তারা রাষ্ট্র ও জনগণের সঙ্গে কতটা প্রতারণা করতে পারে।’
বিএনপির সূত্র জানায়, দলীয় প্রধান নির্বাচন বর্জন করতে যাচ্ছেন, এমনটি টের পেয়ে দলের ভেতর থেকেই একটি অংশ তা ঠেকানোর উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে বিএনপির শুভাকাঙ্ক্ষী বলে পরিচিত একজন বুদ্ধিজীবী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। জানা গেছে, তিনি বিএনপিকে নির্বাচনে থাকার পরামর্শ দেন। এরপর দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকেও এর রেশ ছিল।
ওই সূত্র জানায়, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন নির্বাচনে থাকার পক্ষে জোরালো মত দেন। তিনি গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, দুই ধাপের নির্বাচনে পরিষ্কার হয়েছে, দেশে কোনো নির্বাচন হচ্ছে না। দখল হচ্ছে। এরপরও এ নির্বাচনে থাকার যুক্তি হলো, একেবারে গ্রামগঞ্জ পর্যন্ত প্রমাণ করা যে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীন কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
প্রথম দুই ধাপে ১ হাজার ৩৫৬টি ইউপির নির্বাচনে বিএনপি মাত্র ১০৮ টিতে জিতেছে। এর মধ্যে ২০০টিতে প্রার্থীই দিতে পারেনি। এই ফলের পরেও নির্বাচনে থাকার পক্ষের অংশের নেতারা বলছেন, ইউপি নির্বাচনের শেষ পর্যন্ত থাকলে সরকারের চেহারা আরও নগ্নভাবে উন্মোচিত হবে। তা ছাড়া বিএনপির প্রার্থীরা মাঠে থাকলে কেন্দ্র দখলের রোষ নেতা-কর্মীদের মনে জোরালোভাবে অনুভূত হবে।
তৃতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির অবস্থান দুর্বল হয়ে যাবে কি না, জানতে চাইলে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার ইচ্ছা করলেও নির্বাচন আর সুষ্ঠু করতে পারবে না। আমরা এ সরকারের চরিত্র সম্পর্কে জানি। অথর্ব নির্বাচন কমিশনেরও চরিত্র প্রকাশ হয়ে গেছে। ইউপি নির্বাচন শেষ হলে তাদের চেহারা আরও উন্মোচিত হবে।’
তৃণমূলের সংখ্যাগরিষ্ঠের মত উপক্ষো করে নির্বাচনে থাকার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে খন্দকার মোশাররফ বলেন, ‘কীভাবে বুঝব যে তৃণমূল নির্বাচন বর্জনের পক্ষে মত দিয়েছে? কারণ চতুর্থ ধাপের প্রার্থিতার জন্য ধাক্কাধাক্কি, কম্পিটিশন তো কম ছিল না।’