বিএনপির জোট থেকে বেরিয়ে যাচ্ছে নীলুর এনপিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে বেরিয়ে যাচ্ছে শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। শিগগিরই দলটি সংবাদ সম্মেলন ডেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে এনপিপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।
গতকাল সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত ২০-দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকে এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেনকে আমন্ত্রণ জানানো হয়নি। এ বৈঠকে ফরিদুজ্জামান ফরহাদ এনপিপির চেয়ারম্যান হিসেবে অংশ নেন। এতে ক্ষুব্ধ হয়ে শওকত হোসেনের নেতৃত্বাধীন এনপিপির অংশটি জোটে না থাকার মনস্থির করেছে।
এ বিষয়ে জানতে চাইলে শেখ শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করে গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি যাঁকে দল থেকে বহিষ্কার করেছি, তাঁকে নিয়ে বৈঠক করেছেন খালেদা জিয়া। এখন তো আমাকে জোট থেকে বের হওয়ার ঘোষণা দেওয়া উচিত।’ তিনি জানান, ২০ আগস্টের পর সংবাদ সম্মেলন ডেকে এ ব্যাপারে দলীয় সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
২০-দলীয় জোটের শরিক এনপিপির চেয়ারম্যান ও মহাসচিব সম্প্রতি অভ্যন্তরীণ বিবাদে জড়িয়ে পরস্পরকে বহিষ্কার করেন। শেখ শওকতকে চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কার করে নিজেকে এনপিপির চেয়ারম্যান ঘোষণা করেন দলের মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ। এ বিষয়ে গতকাল প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। বিএনপি এ অংশটিকে জোটের শরিক হিসেবে নিয়েছে।