বিএনপির জয়জয়কার, হতবাক আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের নবগঠিত ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। এতে হতবাক হয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের পাঁচজন নেতা প্রথম আলোকে বলেন, ওসমানীনগরে দলীয় নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে দুটি বলয়ে বিভক্ত। এক অংশের নেতৃত্বে আছেন স্থানীয় সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং অপর অংশের নেতৃত্বে রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তাঁদের কোন্দলের প্রভাব উপজেলা নির্বাচনেও পড়েছে। দলীয় কোন্দলের এই সুযোগে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তিনটি পদেই বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন। এ ঘটনায় তাঁরা হতবাক।
জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা বলেন, নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ আতাউর রহমানকে মনোনয়ন দেওয়া হয়। তিনি মূলত শফিকুর রহমান-বলয়ের নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে একই পদে মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আখতারুজ্জামান চৌধুরী। তিনি আনোয়ারুজ্জামান চৌধুরী-বলয়ের নেতা হিসেবে পরিচিত। আতাউর ও আখতারুজ্জামানের প্রার্থিতাকে কেন্দ্র করে দলের বহু পুরোনো দ্বন্দ্ব আবার মাথাচাড়া দিয়ে ওঠে। উপজেলা পর্যায়ের কর্মী-সমর্থকেরা দুটি ভাগে বিভক্ত হয়ে নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নিতে থাকেন। এই কোন্দলের জেরেই ২৬ ফেব্রুয়ারি উপজেলার বাংলাবাজারে উভয় পক্ষের কর্মীদের সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনায় অনেক ভোটার আতঙ্কে ভোটকেন্দ্রে যাননি। যে কারণে গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলায় ৬৬ শতাংশ ভোট পড়লেও উপজেলা নির্বাচনে মাত্র ৪১ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গত সোমবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক চৌধুরী ২০ হাজার ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী ১৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে দ্বিতীয় এবং আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুহাম্মদ আতাউর রহমান ১০ হাজার ৬৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। আওয়ামী লীগের এই দুই প্রার্থীর প্রাপ্ত মোট ভোট ২৮ হাজার ৯৪৬। জাতীয় পার্টির প্রার্থী মো. শিব্বির আহমদ পেয়েছেন ২ হাজার ৫৩৩ ভোট।
তৃণমূলের একজন নেতা বলেন, এই উপজেলায় আওয়ামী লীগের শক্ত একটি ভোটব্যাংক রয়েছে। চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকলে দলীয় প্রার্থী নিশ্চিতভাবেই জয়ী হতেন। অন্যদিকে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী না থাকলেও কোন্দলের প্রভাব দলীয় প্রার্থীদের ওপর পড়েছে।
ওসমানীনগরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রার্থী নির্বাচনে দল ভুল করেছিল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর একক সিদ্ধান্তে সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও দল আমাকে মনোনয়ন না দিয়ে অপেক্ষাকৃত অজনপ্রিয় ও অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। নির্বাচনের ফলাফল সেটাই প্রমাণ করল।’
তবে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আমার একক সিদ্ধান্তে প্রার্থী নির্বাচন করা হয়নি। জেলা পর্যায়ে দলের নেতারা বসে প্রার্থী বাছাই করেন। পরে সেই তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। সেই তালিকায় আতাউরের পাশাপাশি আখতারুজ্জামানের নামও ছিল। কেন্দ্র আতাউরকে প্রার্থী করেছে। এখানে আমার কোনো হাত ছিল না। যাঁরা পরে দলীয় প্রার্থীর বিরোধিতা করে প্রার্থী হয়েছেন কিংবা সেই প্রার্থীকে সমর্থন করেছেন, তাঁরা মূলত নৌকার বিপক্ষেই অবস্থান নিয়েছেন। এই উপজেলায় দলীয় কোনো কোন্দল নেই; যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা নৌকার বিরোধিতা করছেন।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘বিএনপির প্রতি গণমানুষের সমর্থন ও বিএনপির নেতা এম ইলিয়াস আলীর গুমের প্রতিবাদ জানিয়ে ওসমানীনগরের বাসিন্দারা ভোট দিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের দলগত হানাহানি, খুন ও নৈরাজ্যের প্রতিবাদও ব্যালটের মাধ্যমে জনগণ করেছেন।’
কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘ওসমানীনগর হচ্ছে আওয়ামী লীগের শক্তিশালী একটি দুর্গ। এখানে আমাদের বিজয়ও ছিল কাঙ্ক্ষিত। এই পরাজয় থেকে শিক্ষা নিতে হবে। যেকোনোভাবেই তৃণমূলে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ মনোভাব ধরে রাখতে হবে।’