বিএনপির তিন পক্ষের পৃথক কর্মসূচি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিএনপির তিনটি পক্ষ আলাদাভাবে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার সকালে দুটি পক্ষ ও বিকেলে একটি পক্ষ নানা আয়োজনে এ কর্মসূচি পালন করে।
গত ১৪ ফেব্রুয়ারি নেছারাবাদ উপজেলা বিএনপির দুই পক্ষ আলাদাভাবে দলীয় সম্মেলন করে। ফকরুল আলমকে সভাপতি, জাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক ও নাসির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান কমিটি ঘোষণা করেন। অপরদিকে আকরামুল ইসলামকে সভাপতি, মোজাম্মেল হককে জ্যেষ্ঠ সহসভাপতি, অহিদুজ্জামান মানিককে সাধারণ সম্পাদক ও আজহারুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে পৃথক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
দিবসটি উপলক্ষে গতকাল সকালে উপজেলার মিয়ারহাট বাজারে উপজেলা বিএনপির একাংশের সভাপতি আকরামুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আকরামুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির একাংশের সহসভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল মৃধা প্রমুখ।
বিকেলে মিয়ারহাট বাজারের মাঝিবাড়ি এলাকায় উপজেলা বিএনপির একাংশের সভাপতি ফকরুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন তালুকদার প্রমুখ।
এদিকে গতকাল সকালে স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলামের নেতৃত্বে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে পৌরসভার জগন্নাথকাঠি এলাকায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল বেরুনী, সাংগঠনিক সম্পাদক নাছিরউদ্দিন তালুকদার প্রমুখ।