বিএনপির তিনজন প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা ও কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এসব অনিয়মের অভিযোগে কাঁচপুর, সাদিপুর ও পিরোজপুর ইউপিতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন।
সকাল ১০টায় কাঁচপুর ইউপির কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় ও পেচাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ করেন বিএনপির প্রার্থী ফজলুল হক। আওয়ামী লীগের প্রার্থী মোশারফ হোসেন বলেন, বিএনপির অভিযোগ ঠিক নয়।
দুপুর একটার দিকে সাদিপুর ইউপির সাদিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেমের ১৬ জন সমর্থককে পিটিয়ে আহত করেন। দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সমর্থকেরা পিরোজপুর ইউপির দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে জাল ভোট দেন।
সাদিপুর ইউপিতে বিএনপির প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া এবং পিরোজপুরে দলটির প্রার্থী রফিকুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
বেলা ১১টার দিকে জামপুর ইউপির ওটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ভূঁইয়ার সমর্থকেরা জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি জিসান চৌধুরীসহ ১০ জনকে পিটিয়ে আহত করেন। দুপুর ১২টার দিকে কলতাপাড়া মাদ্রাসা কেন্দ্রে বিএনপির আটজন সমর্থককে পেটানো হয়।
জামপুর ইউপির আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী জাহিদ ভূঁইয়া বলেন, তাঁর লোকজন এসব হামলা করেননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবা আখতার বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।