বিএনপির দাবি আটক শতাধিক, পুলিশ বলছে ৫৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। ফরিদপুর, ১০ সেপ্টেম্বর। ছবি: আলীমুজ্জামান
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। ফরিদপুর, ১০ সেপ্টেম্বর। ছবি: আলীমুজ্জামান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির মানববন্ধন চলাকালে ও শেষে ধরপাকড় করেছে পুলিশ। বিএনপির দাবি, ঢাকায় তাদের শতাধিক নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। আর পুলিশ বলছে ৫৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক মুখপাত্র আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আটক লোকজনের মধ্যে যাচাই-বাছাই করে কিছু ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। আর ৫৩ জনকে রাজধানীর চারটি থানার সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাব এবং দেশব্যাপী জেলা ও মহানগর সদরে মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি। মানববন্ধনের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তিনি অভিযোগ করেছেন, ঢাকাসহ সারা দেশে দুই শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ঢাকায় আটক বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের ১৩৬ জনের নামের একটি তালিকাও দেন রিজভী।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ঢাকার মৎস্য ভবন, কাকরাইল মোড়, পল্টন মোড়, সেগুনবাগিচা ও হাইকোর্ট মোড় থেকে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। গাজীপুরসহ বেশ কিছু জায়গায় বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশ অতর্কিতে হামলা ও ‘গুলি’ চালিয়েছে। ঢাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আবদুল মতিন, ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলমকে পুলিশ আটক করেছে।

পুলিশের ধরপাকড়ের বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আ স ম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান, কাউন্সিলর হান্নান মিয়াসহ ২৫ জনের বেশি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের লাঠিপেটা ও গুলিবর্ষণে মহিলা দলের সাবেক সভাপতি আনোয়ারা বেগম, যুবদলের নেতা সাজেদুল মোল্লাহ, সুমনসহ ২০ জনের মতো নেতা-কর্মী ‘গুলিবিদ্ধ’ ও আহত হয়েছেন।

বিকেলের সংবাদ সম্মেলনে রিজভী আরও দাবি করেন, মেহেরপুর জেলা যুবদলের সহসভাপতি আবদুর রহিম, জেলা বিএনপির নেতা আবদুল কামাল, জেলা যুবদলের নেতা আবদুস সালামসহ ১১ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া বাগেরহাট জেলা ছাত্রদলের নেতা আরিফুল ইসলাম, মহিউদ্দিন, রিয়াজ, শ্রমিক দলের নেতা রিয়াজকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মানববন্ধন ঘিরে পুলিশ কিছুটা কৌশলী পথ বেছে নেয়, যার কারণে গণমাধ্যমের কর্মী ও বিএনপির নেতা-কর্মীরা পুলিশের আটকের বিষয়টি সেভাবে বুঝতে পারেননি। মানববন্ধন চলার সময় সাদাপোশাকে থাকা গোয়েন্দা পুলিশের সদস্যরা বিএনপির নেতা-কর্মীদের হ্যাঁচকা টেনে ধরে নিয়ে যান। এ সময় কেউ কেউ পালাতে সক্ষম হন, আবার কোনো কোনো দলের সদস্যরা তাঁদের আটক সদস্যকে ছাড়িয়ে নিয়ে যান। মানববন্ধন ঘিরে ঢাকার পাঁচটি থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রেসক্লাব এলাকায় অবস্থান নেন। মানববন্ধনস্থলের পাশে পুলিশের এপিসি, জলকামান ও প্রিজন ভ্যান রাখা ছিল।

পুলিশের ধরপাকড় থেকে রেহাই পেতে মানববন্ধনে আসা বিএনপির নেতা-কর্মীরাও কৌশলী আচরণ করেছেন। দলটির অনেকে আজ তাঁদের মুঠোফোন সঙ্গে আনেননি। এর কারণ হিসেবে তাঁরা বলেছেন, মুঠোফোন দেখলে পুলিশ যাচাই-বাছাই করে, এতে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা থাকে। এই কারণে কথা বলার মতো একটি মুঠোফোন নিয়ে অনেকে কর্মসূচিতে যোগ দেন। মুন্না নামের ছাত্রদলের একজন কর্মী দাবি করেছেন, মানববন্ধন শেষ হওয়ার এক ঘণ্টা পরও পল্টন, মতিঝিল, সেগুনবাগিচা, শাহবাগ, পলাশি ও সচিবালয় এলাকার আশপাশ থেকে বিএনপির শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন পুলিশ বিএনপির নেতা-কর্মীদের আটক শুরু করে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা হুড়োহুড়ি করে মানববন্ধনস্থল ত্যাগ করেন। অনেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। পুলিশের আটক অভিযানের সময় ছবি তুলতে গেলেও মারমুখী আচরণ করে পুলিশ।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গতকাল রোববার মোহাম্মদপুর থানায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি এস এম আনোয়ার, সাবেক যুবনেতা আনোয়ার হোসেনসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর নামে ‘মিথ্যা’ মামলা করেছে পুলিশ।