বিএনপির দাবির পরিবর্তন হয়নি: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া l ফাইল ছবি
খালেদা জিয়া l ফাইল ছবি

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির দাবির কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হতে হবে।
গতকাল শনিবার রাতে রাজশাহী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে এক মতবিনিময় সভায় খালেদা জিয়া এসব কথা বলেন। গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
খালেদা জিয়া একটি দৈনিক পত্রিকার নাম উল্লেখ করে বলেন, ওই পত্রিকাসহ নানা পত্রিকা বিভ্রান্তি ছড়িয়েছে। তিনি বলেন, ‘আমাদের কোনো চেঞ্জ হয়নি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে অবশ্যই যাব। হাসিনা মার্কা নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে না।’ তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেনি। কারণ, আওয়ামী লীগ আগেই ভোটের বাক্স ভর্তি করার কৌশল ঠিক করে রেখেছিল। তারা বিএনপিকে নির্বাচনে নেওয়ার অনেক চেষ্টাও করেছিল।
বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে বিএনপির চেয়ারপারসন বলেন, তারা সংবিধানবিরোধী কাজ করছে। তাদের পদত্যাগ করা উচিত। না হলে জনগণ ছাড় দেবে না। তিনি অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধন করে যে হালনাগাদ ভোটার তালিকা করা হচ্ছে, তা বাতিল করার দাবি জানান।
খালেদা জিয়া বলেন, এবার বিএনপির জেলা পর্যায়ের কোনো কমিটি ঢাকা থেকে করা হবে না। তৃণমূলের নেতা-কর্মীরাই কমিটি করবেন। তিনি বলেন, ‘ইয়াং জেনারেশনকে নেতৃত্বে আনতে হবে। বয়স্করাও থাকবে। তাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে।’
ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্বে মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সমালোচনা করেন খালেদা জিয়া। তিনি প্রশ্ন রাখেন, ‘তারা কেউ ধরা পড়েনি, কেন?’
বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে—সরকারদলীয় নেতাদের এমন বক্তব্যের জবাবে খালেদা জিয়া বলেন, বিএনপি সারা জীবন থাকবে। কারণ, বিএনপি কারও কথায় চলে না। মানুষের দুঃখ-কষ্টে তাদের পাশে থাকে। তিনি বলেন, ‘পরগাছাদের’ কথা শুনে আওয়ামী লীগ ধ্বংস হচ্ছে। এদের জন্য দেশ ধ্বংস হচ্ছে।
রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবেন—এমন অঙ্গীকার ব্যক্ত করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ যা করেছে, তা ভুলে যেতে হবে। প্রতিহিংসা, প্রতিশোধ ভুলে যেতে হবে।