বিএনপির দুই গুরুত্বপূর্ণ পদে ১২ নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্মেলনের ২০ দিন পর দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাত যুগ্ম মহাসচিব ও নয় সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করল বিএনপি। ঘোষিত ১৬টি পদের নেতাদের ১২ জনই নতুন মুখ। এর মধ্যে দুজন নারীও আছেন।
বিএনপির নেতারা মনে করছেন, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক পদ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ দুটি পদে নতুন মুখের আধিক্য দলের জন্য একটি বার্তা। এতে রাজনৈতিক যোগ্যতার চেয়ে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আনুগত্য প্রাধান্য পেয়েছে বলে মনে করছেন অনেকে। দলের নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদেও এর ধারাবাহিকতা থাকার সম্ভাবনা রয়েছে।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতাদের নাম ঘোষণা করেন। ১০ দিন আগে বিএনপির মহাসচিব, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও কোষাধ্যক্ষের নাম ঘোষণা করা হয়েছিল।
সাত যুগ্ম মহাসচিব হলেন এ এম মাহবুব উদ্দিন খোকন, মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, হারুন-অর রশীদ ও আসলাম চৌধুরী।
মাহবুব উদ্দিন আগের কমিটিতেও একই দায়িত্বে ছিলেন। অন্যরা নতুন। এর মধ্যে মজিবর রহমান গত কমিটিতে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মোয়াজ্জেম হোসেন যুবদলের সভাপতি ও বিএনপির যুববিষয়ক সম্পাদক, খায়রুল কবির শিক্ষাবিষয়ক সম্পাদক, হাবিব-উন-নবী ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বে ছিলেন। হারুন-অর রশীদ রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আসলাম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।
নয় সাংগঠনিক সম্পাদকেরা হলেন ঢাকা বিভাগে এ কে এম ফজলুল হক মিলন, চট্টগ্রামে শাহাদাত হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীতে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালে বিলকিস শিরীন, রংপুরে আসাদুল হাবিব দুলু, ময়মনসিংহে এমরান সালেহ প্রিন্স, সিলেটে ডা. সাখাওয়াত হোসেন জীবন ও ফরিদপুরে শামা ওবায়েদ।
ফজলুল হক ও আসাদুল হাবিব আগের কমিটিতেও সাংগঠনিক সম্পাদক ছিলেন। শামা ওবায়েদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে। আর বিলকিস শিরীন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নজরুল ইসলাম আগের কমিটির সহসাংগঠনিক সম্পাদক, রুহুল কুদ্দুস তালুকদার স্বনির্ভরবিষয়ক সম্পাদক, এমরান সালেহ সহপ্রচার সম্পাদক ছিলেন। সাখাওয়াত হোসেন জীবন সিলেট বিভাগের সহ-সাংগঠনিক ও ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গত ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির সম্মেলনে খালেদা জিয়া চেয়ারপারসন ও তারেক রহমান জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন। সম্মেলনে কাউন্সিলররা খালেদা জিয়াকে দলের কেন্দ্রীয় কমিটি গঠনের সর্বময় ক্ষমতা দেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, যাঁদের নাম ঘোষণা করা হয়েছে, তাঁরা প্রত্যেকে সক্রিয় নেতা এবং বিগত আন্দোলনে তাঁদের ভালো ভূমিকা ছিল। এতে চেয়ারপারসনের এত দিনকার ঘোষিত নীতির প্রকাশ ঘটেছে।
দেখা যায়, বিএনপির গত কমিটির সাত যুগ্ম মহাসচিবের দুজন রিজভী ও মাহবুব উদ্দিন পদ পেয়েছেন। পাঁচ গুরুত্বপূর্ণ নেতা আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, বরকতউল্লাহ, মোহাম্মদ শাহজাহান, সালাহ উদ্দিন আহমেদকে এখনো পদ দেওয়া হয়নি। তাঁদের কাউকে ভাইস চেয়ারম্যান, এক-দুজনকে স্থায়ী কমিটিতে বা গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে রাখা হতে পারে বলে আলোচনা আছে।
নতুন মুখের প্রাধান্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পরিবর্তনশীল রাজনীতিতে নতুন চিন্তা, নতুন নেতৃত্ব আনতে হবে। ঘোষিত কমিটিতে তারই প্রভাব রয়েছে।