বিএনপির দুই নেতার আ.লীগে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও খাগড়াছড়িতে বিএনপির দুই নেতা গতকাল রোববার দলবদল করে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাঁদের একজন সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদুর রহমান। অপরজন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. ইসলাম বাচা। দীঘিনালায় বিএনপির দুটি কমিটি রয়েছে।
গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের আন্দরকিল্লায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে আওয়ামী লীগে যোগ দেন পৌর মেয়র মোহাম্মদুর রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। আমি ইমান নিয়ে আওয়ামী লীগে যোগ দিলাম।’ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে মোহাম্মদুর রহমান তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী, সাতকানিয়ার সাংসদ আবু রেজা নদভী, চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহম্মেদসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে শাজাহান খান ও মোছলেম উদ্দীন পৌর মেয়র মোহাম্মদুর রহমানের হাতে ফুল তুলে দেন।
অনুষ্ঠানে শাজাহান খান বলেন, ‘রাজনীতিতে পরিবর্তনের সূচনা শুরু হয়েছে। বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও ধারার বিপরীতে লোকজন আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। যাঁরা এখনো ভ্রান্ত পথে আছেন, তাঁদের সুপথে আনতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
সাংসদ আবু রেজা নদভী বলেন, মোহাম্মদুর রহমানের যোগদানের মাধ্যমে সাতকানিয়ায় আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়েছে।
সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘মোহাম্মদুর রহমান সঠিক সময়ে যোগদান করেছেন।’
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় এবার আওয়ামী লীগে যোগ দিলেন উপজেলা বিএনপির (কেন্দ্রীয় নেতা সমীরণ দেওয়ানের অনুসারী) সদস্যসচিব মো. ইসলাম বাচা। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল উপজেলার সড়ক ও জনপথের মাঠে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতে ফুলের তোড়া দিয়ে দলবদল করেন তিনি। তাঁর সঙ্গে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীও আওয়ামী লীগে যোগদান করেন।
এর আগে গত ১৬ জুন সমীরণ দেওয়ানের অনুসারী উপজেলা বিএনপির আহ্বায়ক মিলন ফরাজীও আওয়ামী লীগে যোগদান করেন।
দলবদলের পর মো. ইসলাম বাচা বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু সেখানে গণতন্ত্রের চর্চা নেই। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে দল বদল করেছি।’
দীঘিনালা উপজেলা বিএনপির (সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার অনুসারী) সভাপতি মোসলেম উদ্দিন বলেন, উপজেলা নির্বাচনে মো. ইসলাম বাচা দলের বিরুদ্ধে কাজ করায় তাঁকে বহিষ্কার করা হয়েছিল। যাঁরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তাঁরা দলের মধ্যে নিষ্ক্রিয়। তাঁদের কারণে দলের সাংগঠনিক কোনো ক্ষতি হবে না।
তবে জেলা যুবদলের সভাপতি (সমীরণ দেওয়ানের অনুসারী) শামছুল হক বলেন, ‘তাঁরা (মো. ইসলাম বাচাসহ নেতা-কর্মীরা) দীঘিনালায় একটি কমিটি গঠন করেছিলেন তা সত্য। কিন্তু এই কমিটি অনুমোদিত নয়। মূলত নেতা-কর্মীরা মনোবল হারিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।’
বিএনপির নেতার আওয়ামী লীগে যোগদানের বিষয়ে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, তাঁরা (বিএনপির নেতা-কর্মীরা) এত দিন ভুল রাজনীতি ও ভুল নেতৃত্বের পেছনে ছুটেছেন। এখন ভুল ভেঙেছে।’