বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির বিবদমান দুটি পক্ষ আজ রোববার পাল্টাপাল্টি সম্মেলনের আয়োজন করেছে। সাত বছর পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
বিএনপির স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে সুটিয়াকাঠি এলাকায় দলীয় কার্যালয়ে উপজেলা কমিটির আহ্বায়ক ফকরুল আলমের পক্ষ সম্মেলনের আয়োজন করেছে। জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান এর উদ্বোধন করবেন। অপরদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকরামুল ইসলামের পক্ষ মিয়ারহাটের নূরজাহান হাবিব কিন্ডারগার্টেন মাঠে সম্মেলনের আয়োজন করেছে। সকাল ১০টার দিকে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান এর উদ্বোধন করবেন।
আকরামুল ইসলাম বলেন, ‘ফকরুল আলম ঢাকায় থাকেন। তিনি এলাকায় আসেন না। আমরা আন্দোলন-সংগ্রামে মাঠে থাকি। আহ্বায়ক কমিটির ১৪ জন যুগ্ম আহ্বায়কের মধ্যে আটজন আমাদের সঙ্গে আছেন।’ ফকরুল আলম বলেন, ‘আমি আন্দোলন-সংগ্রামে মাঠে না থাকলে উপজেলা কমিটির আহ্বায়ক হতে পারতাম না। এলাকায় থেকে সব সময় দলের পাশেই আছি। আকরামুল ইসলামকে সম্মেলন করার ক্ষমতা কে দিয়েছে?’
বিএনপির স্থানীয় কয়েকজন নেতা বলেন, ২০০৯ সালে উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়। এতে মতিউর রহমান শিকদার সভাপতি ও অহিদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১০ সালে ওই কমিটি ভেঙে ফকরুল আলমকে আহ্বায়ক ও ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি করা হয়। এরপর থেকে আহ্বায়ক ফকরুল আলমের সঙ্গে যুগ্ম আহ্বায়ক আকরামুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক ও নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুজ্জামানের বিরোধ দেখা দেয়। সম্প্রতি সম্মেলন উপলক্ষে ১০টি ইউনিয়নে এই দুটি পক্ষ আলাদা কমিটি করেছে। জেলা সভাপতি গাজী নূরুজ্জামানের পক্ষের সঙ্গে নজরুল ইসলাম খানের পক্ষের বিরোধ রয়েছে। এর জের ধরে গত ৩০ জানুয়ারি সদর উপজেলায়ও পাল্টা সম্মেলন করে কমিটি করে দুই পক্ষ।
জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান বলেন, জেলা কমিটি ফকরুল আলমকে সম্মেলন করার অনুমতি দিয়েছে।