বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আধা ঘণ্টার ব্যবধানে গতকাল মঙ্গলবার রংপুর নগরে বিএনপির বিবদমান দুই পক্ষের পৃথক মিছিল ও সমাবেশ হয়েছে। জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে আহূত এই কর্মসূচি পুলিশি পাহারায় পৃথকভাবে পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে শহরের গ্র্যান্ড হোটেল মোড়ের জেলা ও মহানগর বিএনপির কার্যালয় থেকে জেলা ও মহানগর বিএনপির কমিটির মধ্যে সুবিধাজনক পদবঞ্চিত বিদ্রোহী পক্ষের একটি মিছিল বের করা হয়। মিছিলটি কার্যালয় থেকে বের হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে পায়রা চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহানগরের নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি ও নতুন কমিটির মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রইস আহমেদ, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহফুজ-উন-নবী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুস সালাম, জেলা কৃষক দলের সভাপতি আবু তাহের প্রমুখ।
আধা ঘণ্টা পর একই কার্যালয় থেকে একই দাবিতে জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে দিয়ে জাহাজ কোম্পানি মোড় থেকে ফিরে গিয়ে শাপলা চত্বরে সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা। অন্যানের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোজাফফর হোসেন ও সামসুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
পৃথক এই মিছিল চলাকালে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান বলেন, ‘কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কমিটি ঘোষণার পর থেকে আমরা নানা কর্মসূচি পালন করে আসছি। এতে কেউ যোগ না দিলে কী করার আছে।’
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে যে কমিটি করা হয়েছে, সেই কমিটি আমরা মানি না। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথকভাবে কর্মসূচি পালন করেছি।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে গত ৬ জুন এমদাদুল হক ভরসাকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মোজাফফর হোসেনকে সভাপতি ও সামসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট জেলা ও মহানগর কমিটি গঠন করার পর দুই পক্ষের বিরোধ চরমে ওঠে।