বিএনপির দুই পক্ষের পৃথক মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গতকাল সোমবার রংপুর নগর বিএনপির বিবদমান দুই পক্ষ এবার প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আলাদাভাবে পালন করেছে।
শহরের গ্র্যান্ড হোটেল মোড়ের জেলা ও মহানগর কার্যালয় থেকে বেলা সাড়ে ১১টায় একটি মিছিল বের করা হয়। মিছিলটি কার্যালয় থেকে বের হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে পায়রা চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রইস আহমেদ, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহফুজ-উন-নবী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুস সালাম, জেলা কৃষক দলের সভাপতি আবু তাহের, জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম প্রমুখ।
এক ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টায় একই কার্যালয় থেকে জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৃথক একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে দিয়ে জাহাজ কোম্পানি মোড় থেকে ফিরে শাপলা চত্বরে সমাবেশ করে।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা। অন্যানের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোজাফফর হোসেন ও সামসুজ্জামান সামু প্রমুখ।
পৃথক কর্মসূচি পালন প্রসঙ্গে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান বলেন, কেন্দ্রীয় কমিটি থেকে নতুন কমিটি করে দেওয়া হয়েছে। এতে অনেকেই সুবিধাজনক পদ না পাওয়ায় কেউ কেউ বিক্ষুব্ধ হয়েছেন।
সুবিধাজনক পদবঞ্চিত বিদ্রোহী পক্ষের নেতা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে যে কমিটি করা হয়েছে, এই কমিটি আমরা মানি না। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথকভাবে কর্মসূচি পালন করেছি।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত গত ৬ জুন জেলা ও মহানগর কমিটি গঠন করার পর দুই পক্ষের বিরোধ চরমে ওঠে।
এমদাদুল হক ভরসাকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা এবং মোজাফফর হোসেনকে সভাপতি ও সামসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি করা হয়।