বিএনপির দুটি উপজেলা ও একটি পৌর কমিটি গঠন
নীলফামারী সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে গতকাল বুধবার নতুন কমিটি গঠন করা হয়েছে। এর আগে মঙ্গলবার কিশোরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।
নীলফামারী শহরের উন্মুক্ত মঞ্চে গতকাল অনুষ্ঠিত সম্মেলনে জেলা বিএনপির সদস্যসচিব সামসুজ্জামানকে সভাপতি, রাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও জগদীশ চন্দ্র রায়কে সাংগঠনিক সম্পাদক করে সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
একই মঞ্চে অনুষ্ঠিত পৌর বিএনপির সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি জহুরুল আলমকে সভাপতি, মাহবুব উর-রহমানকে সাধারণ সম্পাদক ও আল মাসুদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে নীলফামারী পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আনিছুল আরেফিন চৌধুরী। বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্যসচিব শামসুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ জেড এম রেদওয়ানুল হক, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ বিলকিস ইসলাম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈয়মুর রহমান, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মকুর চৌধুরী, নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর সেলিম ফারুক প্রমুখ। দুটি সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি জহুরুল আলম।
অপর দিকে মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ উপজেলা শহরের রফিকুল ইসলামের চাতালে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজ্জাকুল ইসলাম সভাপতি ও মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১০১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
রাজ্জাকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা দেন জেলা বিএনপির আহ্বায়ক আনিছুল আরেফিন চৌধুরী, সদস্যসচিব সামসুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিলকিস ইসলাম প্রমুখ।