বিএনপির দুপক্ষের সংঘর্ষে সদস্য সংগ্রহ কর্মসূচি পণ্ড

টাঙ্গাইলে জেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সদস্য সংগ্রহ অভিযান ভন্ডুল হয়ে গেছে। এ ঘটনায় দুজন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। আজ রোববার সকালের এ ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ।
বিএনপি সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি টাঙ্গাইল প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি শামছুল আলমের সভাপতিত্বে সভা শুরু হয়। বেলা ১১টার দিকে সদ্য গঠিত জেলা বিএনপির পদবঞ্চিত অংশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে হামলা করেন। সভাস্থল থেকেও তাঁদের প্রতিরোধে নেতা-কর্মীরা এগিয়ে যান। উভয় পক্ষের সংঘর্ষ শুরু হলে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। পুলিশ প্রেসক্লাব কমিউনিটি সেন্টার থেকে বিএনপির নেতা-কর্মীদের বের করে দেয়। সংঘর্ষে সদর থানার পরিদর্শক (এসআই) আল মামুন, কনস্টেবল ইসরাফিলসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের অভিযোগ, বিএনপি নামধারী কিছু নেতা সরকারি দলের সহায়তায় পুলিশের ছত্রচ্ছায়ায় সদস্য সংগ্রহ অভিযানে হামলা চালান।
জেলা বিএনপির ঘোষিত কমিটির পদত্যাগী সহসভাপতি হাসানুজ্জামান শাহীনের অভিযোগ, দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে একতরফাভাবে কমিটি গঠন করা হয়েছে। তাই বিক্ষুব্ধ কর্মীরা পকেট কমিটি আয়োজিত কর্মসূচিতে বিক্ষোভ করতে গিয়েছিলেন। তখন পকেট কমিটির লোকজন বিক্ষোভকারীদের ওপর হামলা করেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, পুলিশ কোনো পক্ষকে সহায়তা করেনি। সংঘর্ষে লিপ্ত উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় ১১ জনকে আটক করা হয়েছে।
গত ২৬ মে শামছুল আলমকে সভাপতি ও ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়। শামছুল আলম সাবেক উপমন্ত্রী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি আব্দুস সালাম পিন্টু এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ভাই। বিদ্রোহী পক্ষের অভিযোগ, সুলতান সালাউদ্দিন কেন্দ্রে প্রভাব বিস্তার করে তাঁর ভাইকে সভাপতি করেছেন এবং তাঁদের অনুসারীদের কমিটিতে স্থান দিয়েছেন। পরে গত জুন মাসের প্রথম সপ্তাহে এই কমিটি বাতিলের দাবিতে চারজন কমিটি থেকে পদত্যাগ করেন। বাতিল না হওয়া পর্যন্ত এই কমিটি যে কর্মসূচি নেবে, তা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।