বিএনপির দুপক্ষের সংঘর্ষে সদস্য সংগ্রহ কর্মসূচি পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সংঘর্ষে টাঙ্গাইল সদর থানার এসআই আল মামুন ও কনস্টেবল ইসরাফিলসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে

টাঙ্গাইলে জেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গতকাল রোববার থেকে জেলায় শুরু হওয়া দলটির সদস্য সংগ্রহ অভিযান ভন্ডুল হয়ে গেছে। সংঘর্ষে দুজন পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়েছে।

বিএনপির দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি টাঙ্গাইল প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি শামছুল আলমের সভাপতিত্বে এ সভা শুরু হয়। বেলা ১১টার দিকে সদ্য গঠিত জেলা বিএনপির একটি অংশের পদবঞ্চিত নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে হামলা চালান। এ অংশটির নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির ঘোষিত কমিটির পদত্যাগী সহসভাপতি আলী ইমাম, হাসানুজ্জামিল শাহীন ও যুগ্ম সম্পাদক খন্দকার আহমেদুল হক। এ সময় সভাস্থল থেকেও আরেক অংশের নেতা-কর্মীরা হামলাকারীদের প্রতিরোধে এগিয়ে যান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ এসে লাঠিচার্জ, চার রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও ১২ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। পরে পুলিশ প্রেসক্লাব কমিউনিটি সেন্টার থেকে বিএনপির নেতা-কর্মীদের বের করে দেয়। সংঘর্ষে চলাকালে টাঙ্গাইল সদর থানার এসআই আল মামুন ও কনস্টেবল ইসরাফিলসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। ব্যস্ততম সড়কটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল অবশ্য অভিযোগ করেন, বিএনপি নামধারী কিছু নেতা সরকারি দলের সহায়তায় ও পুলিশের ছত্রচ্ছায়ায় সদস্য সংগ্রহ অভিযানে হামলা করেন।

অপরদিকে পদত্যাগকারী সহসভাপতি হাসানুজ্জামিল বলেন, দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে একতরফাভাবে কমিটি গঠন করা হয়েছে। তাই ক্ষুব্ধ নেতা-কর্মীরা পকেট কমিটির ডাকা সভার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়েছিলেন। তখন পকেট কমিটির লোকজন বিক্ষোভকারীদের ওপর হামলা করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া বলেন, পুলিশ কোনো পক্ষকেই সহায়তা করেনি; বরং সংঘর্ষে লিপ্ত দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় ১১ জনকে আটক করা হয়।

গত ২৬ মে শামছুল আলমকে সভাপতি ও ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। শামছুল আলম সাবেক উপমন্ত্রী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি আবদুস সালাম পিন্টু এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ভাই। পদ না পাওয়া অংশের অভিযোগ, সুলতান সালাউদ্দিন কেন্দ্রে প্রভাব খাটিয়ে নিজের ভাইকে সভাপতি করেছেন আর তাঁদের অনুসারীদের কমিটিতে নানা পদপদবি দিয়েছেন। পরে গত জুন মাসের প্রথম সপ্তাহে এই কমিটি বাতিলের দাবিতে কমিটির চার সদস্য পদত্যাগ করেন। পরে অবশ্য একজন আবার পক্ষ বদলে কমিটিতে ফিরেও আসেন। তবে পদত্যাগী সহসভাপতি আলী ইমাম, হাসানুজ্জামিল শাহীন ও যুগ্ম সম্পাদক খন্দকার আহমেদুল হক কেন্দ্র থেকে গঠন করে দেওয়া কমিটিতে তাঁদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে ওই কমিটির বিরুদ্ধে নিজেদের অবস্থান ধরে রাখেন। তাঁরা বাতিল না হওয়া পর্যন্ত এই কমিটি যে কর্মসূচি নেবে, তা প্রতিহত করারও ঘোষণা দেন।