বিএনপির নতুন কমিটি জিয়ার কবরে শ্রদ্ধা জানাবে সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্ধান্ত পাল্টিয়েছে বিএনপি। ২১ আগস্টের পরিবর্তে ২২ আগস্ট সোমবার জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে বিএনপির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি। এ কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া থাকবেন।

দলীয় সূত্র বলেছে, গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় জিয়াউর রহমানের কবরে ২১ আগস্ট ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী গতকাল শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে দলের এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কিন্তু সাড়ে ১২টার দিকে আরেক বিজ্ঞপ্তিতে কর্মসূচি এক দিন পিছিয়ে সোমবার করা হয়।

বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহসম্পাদক এবং নির্বাহী কমিটির সব সদস্যকে সোমবার বিকেল চারটায় জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।